রাস্তাঘাটের উন্নয়ন চায় বরগুনা পৌরবাসী
‘রিকশা লইয়া রাস্তায় নামতে পারি না। সব রাস্তা উঁচু-নিচু, খানাখন্দে ভরা। ঝাঁকুনিতে গা-গতর ব্যথা অইয়া যায়।’ রিকশাচালক আল আমিন এভাবেই বরগুনা শহরের রাস্তাগুলোর দুরবস্থার বর্ণনা দিচ্ছিলেন। প্রথম শ্রেণীর এই পৌরসভার বেশির ভাগ রাস্তা ভাঙাচোরা।সরেজমিনে দেখা গেছে, বালিকা বিদ্যালয় সড়ক, নজরুল ইসলাম সড়ক, সদর রোডের পূর্ব প্রান্তে টাউন সেতু থেকে সিরাজ উদ্দীন মিলনায়তন পর্যন্ত এবং পশ্চিমাংশে রোজি মহল, সোনিয়া সিনেমা হল এলাকা, কাঠপট্টি সড়ক, সাহাপট্টি সড়ক, প্রধান ডাকঘর, ভূমি অফিসসংলগ্ন সড়ক, রাসেল স্কোয়ার থেকে কলেজ শাখা সড়ক, কলেজ সড়ক থেকে বটতলা পর্যন্ত সংযোগ সড়ক, সদর রোড থেকে কলেজ রোড সংযোগ সড়ক, ডিকেপি সড়ক, গ্রিন রোড, ক্রোক বাসস্ট্যান্ড রোড, বটতলা থেকে দক্ষিণে আমতলা রোড, কেজি স্কুল রোড ও পশ্চিম কলেজ সড়ক যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।পৌর নির্বাচন সামনে রেখে শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রাস্তাঘাটের উন্নয়ন এবং পানি শোধনাগার চালুর দাবি জানিয়েছেন। তাঁরা আগামী নির্বাচনে এমন একজন মেয়র চান, যিনি কথায় নয় কাজ করে বরগুনাকে আধুনিক শহরে পরিণত করবেন।শহরের বালিকা বিদ্যালয় সড়কের বাসিন্দা ও বরগুনা সরকারি কলেজের ছাত্র রানা তালুকদার বলেন, বরগুনা শহরের বেশির ভাগ রাস্তা এখন চলাচলের অনুপযোগী। আগে রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার যিনি মেয়র হবেন, তাঁর কাছে প্রধান দাবি, শহরের রাস্তাঘাটের উন্নয়ন করা। এ ছাড়া শহরে যেসব খাসপুকুর আছে, সেগুলো পৌরসভার পক্ষ থেকে সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল আলীম বলেন, নাগরিক সুবিধার দিক থেকে বরগুনা শহর অনেক পিছিয়ে। এটা নামমাত্র প্রথম শ্রেণীর পৌরসভা। আগামী দিনে যিনি মেয়র হবেন, তাঁর কাছে আমাদের প্রত্যাশা, শহরবাসীকে তিনি সত্যিকার অর্থে প্রথম শ্রেণীর পৌরসভার সুযোগ-সুবিধা নিশ্চিত করবেন।শহরের হাইস্কুল সড়কের ঠিকাদার রিপন বলেন, ভাবী মেয়রের কাছে তাঁদের প্রত্যাশা, পৌরসভার সব দরপত্র আহ্বানের কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে। কোনো সিন্ডিকেট থাকবে না। চাকরিজীবী সাইফুল্লাহ খান বলেন, আগামী দিনে যিনি মেয়র হবেন, তিনি দলমত-নির্বিশেষে পৌর নাগরিকদের প্রত্যাশা পূরণ করবেন। কণ্ঠশিল্পী স্বপন সাহা বলেন, যিনি মেয়র হবেন, তিনি নাথপট্টি খাল সংরক্ষণ ও আধুনিকায়ন করবেন। সংস্কৃতিকর্মী জিয়াদ মাহমুদ বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরগুনা টাউন হল জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। বর্তমানে এখানে কোনো অনুষ্ঠান করা যায় না। যিনি মেয়র হবেন, তাঁর কাছে দাবি, তিনি হলটির উন্নয়ন ও সংরক্ষণে যথাযথ উদ্যোগ নেবেন।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি রাজিয়া বেগম আশা প্রকাশ করে বলেন, শহরের রাস্তাঘাট নির্মাণের পাশাপাশি পৌরসভার শিশুপার্ক নির্মাণে নতুন মেয়র উদ্যোগ নেবেন। পৌর কার্যালয়কে দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত রাখবেন।মেয়র পদে বড় দুই দল এখনো তাদের সমর্থন চূড়ান্ত করেনি। নির্বাচনে অংশ নেওয়ার জন্য গণসংযোগ করছেন বর্তমান মেয়র মো. শাহজাহান, ব্যবসায়ী শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির, জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান, সাবেক মেয়র দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি নূরুল আমিন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম। আওয়ামী লীগের সাবেক সাংসদ দেলোয়ার হোসেনের সমর্থন নিয়ে মেয়র পদে নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ চালাচ্ছেন বর্তমান পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা।