রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি, জনদুর্ভোগ চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যায় জামালপুর জেলার আঞ্চলিক সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে বড় গর্তের। গতকাল দেওয়ানগঞ্জ পৌর এলাকার বেলতলী এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
বন্যায় জামালপুর জেলার আঞ্চলিক সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে সৃষ্টি হয়েছে বড় গর্তের। গতকাল দেওয়ানগঞ্জ পৌর এলাকার বেলতলী এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

টানা ১৩ দিনের বন্যায় জামালপুরে প্রায় ১ হাজার ৭১৬ কিলোমিটার কাঁচাপাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি কমতে থাকলেও দুর্গত এলাকার গ্রাম থেকে শহরের সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
গতকাল বুধবার এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার থেকে পানি নামতে শুরু করে। তবে এখনো ইসলামপুর উপজেলার অনেক গ্রামে হাঁটুপানি রয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতির চিত্রও বেরিয়ে আসছে। বিশেষ করে কাঁচাপাকা রাস্তা বেহাল হয়ে পড়েছে। কোনো কোনো জায়গায় পানির স্রোতে রাস্তা ভেঙে কোমরসমান গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে কাঁচা রাস্তা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এ ছাড়া অনেক জায়গায় পাকা রাস্তার ইট ও খোয়া পানির স্রোতে ভেসে গেছে। মাটি বেরিয়ে পড়েছে।
এদিকে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া লোকজন নিজ নিজ বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। কিন্তু সড়ক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় তাঁরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অনেকে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প হিসেবে নৌকায় চলাচল করছেন।
ইসলামপুর-মাহমুদপুর সড়কে দেখা গেছে, ইসলামপুর উপজেলা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরের আমতলী বাজার পর্যন্ত যানবাহন চলছে। কিন্তু আমতলী বাজার থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের মাহমুদপুর ইউনিয়ন পর্যন্ত পাকা রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে রাস্তাটিতে যানচলাচল বন্ধ। দুর্গত লোকজন পুটলাপুটলি নিয়ে হেঁটে ও কেউ কেউ নৌকায় বাড়ি ফিরছেন।
ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রামের বাসিন্দা নূর ইসলাম প্রথম আলোকে বলেন, বন্যায় তাঁদের বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সড়কটির শতাধিক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মেরামত করা না হলে এ সড়কে চলাচল করা অসম্ভব।
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যায় পুরো জেলায় কাঁচা ২৭৭ কিলোমিটার ও পাকা রাস্তা ১২ কিলোমিটার সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কাঁচা ১ হাজার ৩৫২ কিলোমিটার ও পাকা ৭৫ কিলোমিটার রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৬ কিলোমিটার সম্পূর্ণ ও ৪৮ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো জেলায় গ্রাম থেকে শহরের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ-বেলতলি বাজার সড়ক, চুকাইবাড়ি-দেওয়ানগঞ্জ সড়ক, দেওয়ানগঞ্জ-মলমগঞ্জ সড়ক, দেওয়ানগঞ্জের খরমা দিঘলকান্দি-ইসলামপুর সড়ক; ইসলামপুর উপজেলার ইসলামপুর-গুঠাইল, গুঠাইল-বেলগাছা, গুঠাইল-চিনাডুলী সড়ক, মলমগঞ্জ-বেলগাছা সড়ক, শিংভাঙা কাঁচা রাস্তা, ডেবরাইপ্যাচ-দেওয়ানপাড়া, বলিয়াহদ-নোয়ারপাড়া সড়ক, হারগিলা-রামভ্রদা কাঁচা সড়ক, উলিয়া-নোয়ারপাড়া এবং মেলান্দহ উপজেলার মেলান্দহ-মাহমুদপুর সড়ক, টনকি-পচাবহলা সড়ক, জামালপুর-মাদারগঞ্জ সড়কের দাঁতভাঙা এলাকায় রাস্তাসহ অর্ধশত সড়কে ভারী যানচলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সাংসদ (জামালপুর-২) ফরিদুল হক খান দুলাল বলেন, পৌর শহর ছাড়া প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লার রাস্তাঘাট ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ পানিতে বিধ্বস্ত হয়েছে। বর্তমানে পানি কমতে শুরু করেছে। তবে সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় দুর্গত মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না।
অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বলেন, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে, এখন তা নিরূপণের কাজ চলছে। বন্যার পানি পুরোপুরি সরে যাওয়ার পর দ্রুত প্রাথমিক মেরামতের কাজ শুরু করা হবে।