রাস্তাজুড়ে খানাখন্দ, লাখো মানুষের দুর্ভোগ
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সিলেটের বিয়ানীবাজার-মুরাদগঞ্জ-বারইগ্রাম রাস্তার অবস্থা নাজুক হয়ে পড়েছে। অধিকাংশ স্থানে পিচ উঠে গিয়ে অনেক গর্তের সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। এ অবস্থায় এই রাস্তা দিয়ে যান চলাচল তো দূরে থাক, হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত কিলোমিটার দীর্ঘ এই রাস্তার সাড়ে চার কিলোমিটার বিয়ানীবাজার পৌরসভা এবং আড়াই কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন।
এ কারণে দুই পক্ষই গড়িমসি করায় দীর্ঘদিন ধরে সংস্কারকাজ হচ্ছে না। রাস্তার এই বেহাল অবস্থার কারণে বিয়ানীবাজার উপজেলাসহ পার্শ্ববর্তী মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রায় এক লাখ লোক প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন।
এতে বিয়ানীবাজার সরকারি কলেজ, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ, মোল্লাপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, নিদনপুর মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাউতা উচ্চবিদ্যালয় ও পাতন-আবদুল্লাপুর বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা বেশি হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার মুরাদগঞ্জ জামে মসজিদ থেকে নিদনপুর মোল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে গোডাউনবাজার ও পাতন ডাকঘরের সামনে থেকে বারইগ্রাম বাজার ত্রিমুখী পর্যন্ত রাস্তার অবস্থা বেশ নাজুক। কয়েক দিনের বৃষ্টিতে রাস্তার খানাখন্দে পানি জমে ময়লা ও কাদাপানিতে একাকার হয়ে আছে।
সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গোডাউনবাজার শাখার সাধারণ সম্পাদক শিপান আহমদ জানান, এই রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিন একাধিক যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার গর্তে পড়ে গাড়ি বিকল হয়ে পড়ছে। শিগগিরই রাস্তাটি সংস্কার করা না হলে মানববন্ধনসহ একাধিক কর্মসূচি পালন করা হবে।
গোডাউনবাজারের ব্যবসায়ী সামাদ আহমদ বলেন, রাস্তা খারাপ হওয়ায় বিয়ানীবাজার শহরে মালামাল আনতে গেলে অনেক সময় ব্যয় হয় এবং রিকশা ভাড়া দ্বিগুণ গুনতে হয়।
বিয়ানীবাজারের পৌর প্রশাসক তফজ্জুল হোসেন বলেন, রাস্তাটির কিছু অংশ পৌরসভার মধ্যে পড়েছে। বাকি অংশ এলজিইডির অধীনে। তাঁরা তাঁদের অংশের কাজ শিগগিরই শুরু করবেন।
উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী বলেন, রাস্তাটির পুরো অংশ এলজিইডির নয়। এটির কিছু অংশ পৌরসভার অন্তর্ভুক্ত। তবে শিগগিরই এলজিইডির অধীনে থাকা অংশ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।