রাস্তাটি সারা বছর তলিয়ে থাকে নর্দমার পানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির পানিতে নয়, রাস্তাটি নর্দমার পানিতে তলিয়ে আছে। বছরজুড়ে এ অবস্থাতেই বসবাস করে মালিবাগ বাজার রোডের বাসিন্দারা। ছবিটি সম্প্রতি তুলেছেন ইউসুফ সা’দ
বৃষ্টির পানিতে নয়, রাস্তাটি নর্দমার পানিতে তলিয়ে আছে। বছরজুড়ে এ অবস্থাতেই বসবাস করে মালিবাগ বাজার রোডের বাসিন্দারা। ছবিটি সম্প্রতি তুলেছেন ইউসুফ সা’দ

নাক চেপে রাস্তাটি দিয়ে হাঁটে বেশির ভাগ মানুষ। রাস্তার পাশে থাকা নর্দমার বেশির ভাগ অংশ ভাঙা ও ঢাকনাবিহীন। এ কারণে নর্দমার উপচে পড়া ময়লা পানিতে সব সময় তলিয়ে থাকে রাস্তা। এলাকার মানুষকে প্রতিনিয়ত পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ।
রাজধানীর মালিবাগ বাজার রোডের এমন অবস্থা বেশ কয়েক বছর ধরে। মালিবাগ বাজার রোডের তিনটি অংশ। মালিবাগ রেললাইন বাজার থেকে ২০৫ ও ২০৬ নম্বর মালিবাগে এসে রাস্তাটি দুই দিকে মোড় নিয়েছে। এর একটি দিক গেছে মালিবাগ শাহি মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা হয়ে শান্তিবাগ পর্যন্ত। অন্য অংশটি গেছে মৌচাক মোড় পর্যন্ত। মালিবাগ রেলগেট থেকে আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে ১৫৬ নম্বর মালিবাগ বাড়িটির সামনে আসতে দেখা গেল, নর্দমার উপচে পড়া পানিতে পুরো রাস্তা সয়লাব। হেঁটে চলার কোনো উপায় নেই। এমন অবস্থা মালিবাগ শাহি মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পর্যন্ত।
শান্তিবাগের ১৯৮ নম্বর ইস্টার্ন লিংক অ্যাপার্টমেন্ট ভবনের সামনে থেকে মালিবাগ শাহি মসজিদের আগে ২২২/১ মালিবাগ পর্যন্ত এক থেকে দেড় শ মিটার নর্দমার উন্নয়নকাজ শুরু হয়েছে প্রায় তিন মাস আগে। এখনো চলছে সে কাজ। এ ব্যাপারে ২০৫ ও ২০৬ নম্বর মালিবাগ অ্যাপার্টমেন্ট ভবনের সামনের মোড়ের চায়ের দোকানদার মো. কামাল হোসেন বলেন, কয়েক বছর ধরে রাস্তাটির এমন হাল। এখন শুধু নর্দমার সংস্কারকাজ করা হবে। রাস্তার কাজ কবে করা হবে তা জানি না।
এক পশলা বৃষ্টি হলে রাস্তাটি পুরো তলিয়ে যায় পানিতে। রাস্তার পাশে থাকা দোকানগুলোতে পানি ঢুকে দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। আর মাঝারি থেকে অতি বর্ষণে রাস্তায় জমে হাঁটুপানি।
রাস্তার রেললাইন অংশের কাছাকাছি রয়েছে এলাকার দুটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। একটি আবুজর গিফারী কলেজ, অন্যটি শহীদ ফারুক ইকবাল বালিকা উচ্চবিদ্যালয়। কলেজছাত্র মো. হারুন বলেন, প্রতিদিন এ রাস্তা দিয়ে নর্দমার ময়লা পানি মাড়িয়ে আসতে হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, ‘মালিবাগ বাজার রোডের শান্তিবাগের অংশ থেকে ২০৫ ও ২০৭ নম্বর মালিবাগে অবস্থিত তিন রাস্তার সংযোগস্থল পর্যন্ত খোলা নর্দমার কাজ চলছে। আশা করছি, ১০ থেকে ১২ দিনের মধ্যে এ কাজ শেষ হবে।’ বাকি দুটি অংশের কাজ কবে হবে জানতে চাইলে তিনি বলেন, সব অংশের কাজ একসঙ্গে শুরু করলে এলাকার মানুষের যাতায়াতের সমস্যা হবে। তাই শান্তিবাগ অংশের নর্দমার কাজ শেষ হলে রাস্তার রেলগেট অংশের কাজ হাতে নেব। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছে।