রাস্তাবিহীন উপস্বাস্থ্যকেন্দ্র তিন ইউনিয়নবাসীর কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া উপস্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য সুযোগ-সুবিধা কমবেিশ থাকলেও চিকিৎসার জন্য আসা অসুস্থ মানুষজনের ঢোকার কোনো রাস্তা নেই৷ অন্যের বাড়ির ওপর দিয়ে ঘুরপথে বহু কষ্টে এখানে এসে পৌঁছাতে হয় রোগীদের৷
এই উপস্বাস্থ্যকেন্দ্রটি চর এলাকা নিয়ে গঠিত হাটুরিয়া-নাকালিয়া ও কৈটোলা ইউনিয়নবাসীর স্বাস্থ্যসেবা পাওয়ার প্রধান ভরসা। এ ছাড়া পাশের চাকলা ইউনিয়নেও স্বাস্থ্যকেন্দ্র না থাকায় এখানকার মানুষেরও ভরসাস্থল এই উপস্বাস্থ্যকেন্দ্রটি৷ প্রতিদিন অর্ধশতাধিক রোগী এখানে চিকিৎসা নিতে আসেন বলে উপস্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়।
হাটুরিয়া গ্রামের বাসিন্দা শামসুল হক বলেন, ‘বৃষ্টি হলে রোগী-ডাক্তার কেউই আর এই কেন্দ্রে আসতে পারেন না৷ শুষ্ক মৌসুমেও সামনের রাস্তা থেকে এখানে সরাসরি আসা যায় না৷ অন্যের বাড়ির ওপর দিয়ে ঘুরপথে রোগীদের আসতে যে কী কষ্ট হয়, তা না দেখলে বিশ্বাস হবে না৷ অথচ যার বাড়ির ওপর দিয়ে কেন্দ্রে যাতায়াত করতে হয় ওই জায়গাটুক সরকার অধিগ্রহণ করলেই তো সব সমস্যা মিটে যায়৷’
এলাকাবাসী জানায়, ২০০৮ সালে উপস্বাস্থ্যকেন্দ্রটির জন্য দ্বীতল ভবন নির্মিত হলেও এখানে যাতায়াতের বিষয়টি উপেক্ষিত থেকে যায়৷ হাটুরিয়া বাজার থেকে স্বাস্থ্যকেন্দ্রটির সামনে দিয়ে ইট বিছানো সংকীর্ণ একটি রাস্তা গেছে৷ কিন্তু এটিরও অনেক জায়গার ইট উঠে গর্ত হয়ে গেছে৷ এ রাস্তা থেকে আরও ৩০ গজ ভেতরে কেন্দ্রটির অবস্থান৷ এ পথটুকু পাড়ি দিতে সবচেয়ে বড় বাঁধা একটি গভীর ডোবা। এটি ভরাট না করায় রাস্তা থেকে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয় না৷ রোগীদের প্রায় ৫০ গজ ঘুরে বাঁশঝাড়ের পাশ দিয়ে আসতে হয়৷
কেন্দ্রের ফার্মাসিস্ট হাবিবুর রহমান বলেন, ‘বর্ষার সময় কাদা-পানিতে আমরা রীতিমতো অবরুদ্ধ হয়ে পরড়৷ তারপরও বাধ্য হয়ে শত দুর্ভোগ মাথায় নিয়ে হাটুরিয়া-নাকালিয়া ছাড়াও চাকলা ও কৈতোলা ইউনিয়নের রোগীরা এখানে আসেন৷’ তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে বাঁশঝাড়ের পাশের রাস্তা দিয়ে কোনোমতে আসা গেলেও বর্ষায় কাদায় পিচ্ছিল এ পথেও চলাচল কঠিন হয়ে যায়৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এ অংশে চলার উপযোগী রাস্তা করার চেষ্টা হলেও জমির মালিকের বাধায় তা সম্ভব হয়নি৷
জমির মালিক আমিন মোল্লা বলেন, ‘রোগীদের যাতায়াতের জন্য তো আমরা রাস্তা দিয়েছিই৷ কিন্তু এখান দিয়ে পাকা রাস্তা হলে তা আর আমাদের থাকবে না। অথচ পশ্চিম দিক দিয়ে সরকাির জমি আছে৷ ওখানে রাস্তা করলেই হয়৷’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা বলেন, রাস্তা নির্মাণের বিষয়টি ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত। উপজেলা পরিষদের আগামী মাসিক সমন্বয় সভায় বিষয়টি তোলা হবে।
ইউপি চেয়ারম্যান চাঁদ প্রামাণিক বলেন, ‘ডোবাটির গভীরতা বেশি হওয়ায় ওটা ভরাট করে নতুন রাস্তা বানাতে অনেক অর্থের প্রয়োজন।’