রাস্তায় কাদা, বাস উল্টে নিহত ২
রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি এলাকায় আজ বৃহস্পতিবার সকালে চলন্ত অবস্থায় বাস উল্টে যাওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১৪ জন।
আহত এক যাত্রীর ভাষ্য, বৃষ্টিতে কাদা জমে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। এতে চলন্ত বাসটির চালক একপর্যায়ে ব্রেক কষলে বাসটি উল্টে গিয়ে হতাহতের কারণ ঘটায়।
নিহত ব্যক্তিরা হলেন বাসযাত্রী মো. মামুন (৩৫) ও মো. আলাউদ্দিন (১৮)। তাঁদের বাড়ি রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়। রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ন্যূয়েন খীসা জানান, দুর্ঘটনায় আহত ১৪ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রী সোহেলের ভাষ্য, দুর্ঘটনা কবলিত বাসটি ছিল আজকের খাগড়াছড়িগামী প্রথম বাস। আজ রাঙামাটির গিলাচরি বাজারে হাটের দিন। তাই বাসে যাত্রী বেশি ছিল। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় রাস্তায় কাদা জমে ছিল। ব্রেক করার সময় বাসটি উল্টে যায়। বাসের নিচে চাপা পড়ে মামুন মারা যান। আহত আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ সোহেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলা প্রশাসক সামসুল আরেফিন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের অবস্থা পরিদর্শন করেছেন।