রাস্তায় চলে যায় সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামপুর রোডে সকাল থেকেই লেগে আছে রিকশার জট। গন্তব্যে পোঁছাতে রিকশা ছেড়ে হেঁটে চলেছেন অনেকে। কিন্তু সেখানেও বিপত্তি। ফুটপাত নেই। রাস্তা দিয়ে চলতে গিয়ে ময়লা পানির মুখোমুখি। নর্দমার ময়লা পানি ছুঁই ছুঁই। একটু অসাবধান হলেই বিপদ।
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুরান ঢাকার ইসলামপুর রোডের চিত্র এটি। বেলা দুইটার দিকেও একই চিত্র দেখা গেছে সেখানে। স্থানীয় লোকজন জানালেন, প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই রিকশার জট লেগে থাকে।
পাটুয়াটুলী থেকে বাবুবাজার যেতে রিকশায় ওঠেন ব্যবসায়ী সফিউর রহমান। কিন্তু রিকশার জটের কারণে ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে তিনি নেমে যান। সফিউর জানালেন, ব্যবসার কাজে তাঁকে প্রায়ই বাবুবাজার যেতে হয়। কিন্তু পুরোটা পথ রিকশায় যাওয়া হয় খুব কম। প্রায়ই রিকশা থেকে নেমে হেঁটে যেতে হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে বাবুবাজার থেকে তাঁতিবাজার যেতেও একই ভোগান্তি। সড়কজুড়ে গাড়ির জট। কয়েকজন বাসযাত্রী বললেন, এই পথ হেঁটে যেতে লাগে চার মিনিট। কিন্তু গাড়িতে লাগে ১০ থেকে ১৫ মিনিট। এভাবে মানুষের গুরুত্বপূর্ণ সময় রাস্তাতেই চলে যায়।
তাঁতিবাজার থেকে নয়াবাজার, বংশাল, হাজি আবদুর রশিদ লেন, কাজীমুদ্দিন সিদ্দিক লেন, কসাইটুলী ও আরমানিটোলা যেতেও সর্বত্র যানজটে পড়তে হয়েছে। রাস্তায় আটকা পড়ে মানুষ নাকাল।
এ এলাকাগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। প্রায় আড়াই লাখ মানুষের বসবাস এখানে। যানজটের কারণে তারা সবাই নাজেহাল। বিদ্যুৎ, পানি, জলাবদ্ধতা ও মাদকের সমস্যাও আছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এসবে বিপর্যস্ত। ওয়ার্ডটির ভোটার ২০ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩২২ ও নারী ৯ হাজার ৪৪৮ জন।
পিকে রায় লেনের বাসিন্দা মো. রাইসুল বললেন, এ এলাকা রাজধানীর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ক্রেতারা আসেন। মূলত তাঁদের কারণেই রাস্তায় গাড়ির জট লেগে যায়। বংশালের অজয় রায় যোগ করলেন, প্রচুরসংখ্যক রিকশা, ঠেলাগাড়ি ও মালবাহী ট্রাকই যানজটের প্রধান কারণ।