শিশু নির্যাতন বন্ধে এবার রাস্তায় নামলেন দেশের প্রথিতযশা শিশু চিকিৎসকেরা। গতকাল সোমবার তাঁরা শিশুদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধের দাবি জানান।
বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির ব্যানারে বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাললের সামনে আয়োজিত মানববন্ধন থেকে শিশু চিকিৎসার পথিকৃৎ এম আর খান বলেন, ‘শিশুদের ওপর নির্যাতন বন্ধ করুন। মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব বিলীন হয়ে যাচ্ছে। বিকৃত মেধার মানুষ শিশুদের ওপর বর্বর হামলা করছে। আমরা চাই এই নির্যাতন বন্ধ হোক।’
দেশের শীর্ষ পুষ্টিবিদ ও চিকিৎসক এম কিউ কে তালুকদার বলেন, ‘৪০ বছর ধরে শিশুদের চিকিৎসা করি। কোনো দিন আমরা কেউ মানববন্ধন করিনি। আমরা শিশুদের ভালোমন্দ দেখি। ওদের কষ্ট আর সহ্য করতে পারছি না।’
নির্যাতনের শিকার শিশুর বিচার নিশ্চিত করতে সংবাদমাধ্যমকে প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন বারডেমের মহাপরিচালক নাজমুন্নাহার। তিনি বলেন, ‘নির্যাতনের খবর ছাপা হচ্ছে। বিচার হলো কি না, সেটাও নিয়মিত খোঁজখবর করা দরকার।’ বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি বিএসএমএমইউ-এর সহ-উপাচার্য ও নবজাতক বিশেষজ্ঞ মো সহিদুল্লা বলেন, প্রতিটি শিশুকে সুরক্ষা দিতে হবে। নির্যাতনের বিচার নিশ্চিতে সরকারকে উদ্যোগী হতে হবে।