জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, দেশে আইনের শাসন নেই। মানুষের জীবনের নিরাপত্তা নেই। তিনি বলেন, ‘সরকারকে বলতে চাই, কোথায় আজ বাঁচার অধিকার? আমাদের বাঁচার অধিকার কে দেবে?’
বিভিন্ন স্থানে শিশু ও নারী হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় পার্টি আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এরশাদ এসব কথা বলেন। একটি হুড খোলা গাড়িতে করে এরশাদ প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত যান। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে তাঁকে রাস্তায় স্লোগান দিতে দেখা যায়।
এরশাদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি হিসেবে নই, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবেও নই, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করতে এসেছি। বলতে এসেছি, কেন এমন হচ্ছে? তিনি সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা রাস্তায় নামুন, প্রতিবাদের ঝড় তুলুন। আমরা আর বসে থাকব না। সন্ত্রাসীদের সমাজ আমরা চাই না।’
প্রধানমন্ত্রীর বিশেষ দূত আরও বলেন, ‘সমাজের কাছে, সরকারের কাছে এর জবাব চাই। যদি প্রশ্ন করি কেন, এমন হচ্ছে? সবাই বলবে রাজনৈতিক কারণে। এমন সমাজে মানুষ বাস করতে পারে না। এদের বিচার করুন। ফাঁসি দিন। শিশুহত্যা, নারী লাঞ্ছনা বন্ধ করুন।’
মানববন্ধনের সমাপ্তি টেনে মতিঝিলে এরশাদ আরও বলেন, ‘বিবেকের তাড়নায় রাস্তায় নেমেছি। বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষ পরিবর্তন চায়। জনগণ দুই নেত্রীকে চায় না। আমরা ক্ষমতায় গেলে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ব।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, সভাপতিমণ্ডলীর সদস্য মীর আবদুস সবুর আসুদ প্রমুখ।