বরিশাল-বাবুগঞ্জ সড়কের অধিকাংশ স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। দুই বছর ধরে সংস্কার না হওয়ায় ১২ কিলোমিটারের সড়কটিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারীরা।
গত শনিবার সরেজমিনে দেখা গেছে, বরিশাল-বাবুগঞ্জ সড়কের ঝরঝরিয়াতলা, তুলাতলা, বাঙাবুনিয়া, ওলানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাসহ অধিকাংশ স্থানে বড় বড় খানাখন্দ। ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, ইজিবাইক, মাহিন্দ্রাসহ ছোট-বড় যানবাহন। পথচারী এবং সাইকেল আরোহীরা প্রায়ই এসব গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় লোকজনের অভিযোগ, দুই বছরের বেশি সময় ধরে সড়কটি সংস্কারে উদ্যোগ না নেওয়ায় এসব বড় বড় গর্ত তৈরি হয়েছে। সড়ক বিভাগে যোগাযোগ করা হলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। মাঝেমধ্যে ইটের খোয়া দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করা হলেও লাভ হয়নি।
তুলাতলা এলাকার বাসিন্দা আবদুল মান্নান বলেন, রাস্তা মেরামত না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কয়েক দিন আগে ইটের খোয়া ফেললেও তা উঠে গিয়ে আবার গর্ত সৃষ্টি হয়েছে।
সাইকেলচালক আবদুল বারেক বলেন, কয়েক দিন আগে তিনি গর্ত পাশ কাটিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে যান। ইজিবাইকচালক মো. আনোয়ার বলেন, গর্তগুলো পাশ কাটিয়ে যেতে গিয়ে অনেক সময় যাত্রীসহ খাদে পড়তে হয়।
বাসচালক মো. মিলন বলেন, বরিশাল থেকে বাবুগঞ্জ কলেজ গেট পর্যন্ত সড়কের বেশির ভাগ স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তুলাতলা এবং ঝরঝরিয়াতলা এলাকার অবস্থাও খারাপ। ওই এলাকা দিয়ে গাড়ি চালানো খুব কঠিন। গাড়িচালক এবং সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কয়েক দিন আগে খোয়া দিয়ে গর্ত ভরাটের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি।
বরিশাল-বাবুগঞ্জ সড়কে চলাচলকারী বাস মালিক সমিতির গাড়ি চলাচলের দায়িত্বে থাকা মো. হারুন বলেন, বাঙাবুনিয়া, ওলানকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুলাতলিতে এমন অবস্থা যে গাড়ি নিয়ে যাওয়া যায় না। সড়ক মেরামত করার উদ্যোগ না নিলে দু-এক দিনের মধ্যে গাড়ি চলাচল বন্ধ করে দিতে হবে।
এলজিইডি বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন বলেন, গত বছর সড়কের অবস্থা এত নাজুক ছিল না। এ বছর অতিবৃষ্টির কারণে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলেই সড়ক সংস্কারে উদ্যোগ নেওয়া হবে।