রাস্তায় মাছ ধরার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখে মনে হবে, পুকুর-নদীতে মাছ ধরতে নেমেছে লোকে। আদতে তা নয়। গতকাল বৃহস্পতিবার আষাঢ়ের বৃষ্টিতে বরিশাল নগরের দুই-তৃতীয়াংশ এলাকা ডুবে যায়। পুকুর, ডোবা, রাস্তা—সর্বত্র থই থই পানি। পানিবন্দী নগরে রাস্তায় মাছ শিকারে নেমেছিলেন শৌখিন মৎস্য শিকারিরা।
প্রবল বৃষ্টিতে সদর রোড, কালীবাড়ি রোড, বিএম স্কুল রোড, বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, বাংলাদেশ ব্যাংক, দ্বীনবন্ধু সেন সড়ক, অক্সফোর্ড মিশন সড়ক, পলিটেকনিক সড়ক, গোরস্থান রোড, বটতলা, নবগ্রাম রোড, কালুশাহ সড়ক, ফজলুল হক অ্যাভিনিউ, আমানতগঞ্জ, ভাটিখানা, পলাশপুর ও কাউনিয়া এলাকার বসতবাড়ির আঙিনা ও রাস্তায় দুই থেকে তিন ফুট পানি জমে যায়। পুকুর, খাল ও ডোবার পানির সঙ্গে বৃষ্টির পানি মিশে হয় একাকার।
পুকুর, ডোবা ও খালের মাছ উঠে আসে রাস্তায়। তখন জলাবদ্ধতার দুর্ভোগ ভুলে মাছ শিকারে পাড়ায় পাড়ায় কিশোর-যুবকেরা নেমে পড়ে রাস্তায়। বৃষ্টি উপেক্ষা করে যে যেমন পেরেছে জালসহ নানা উপকরণ নিয়ে মাছ ধরেছে।
সরেজমিনে দেখা যায়, বিএম স্কুল মাঠ ও পার্শ্ববর্তী রাস্তায় কোঁচ দিয়ে মাছ শিকার করছেন আল আমিন নামের এক যুবক। শিতলাখোলা এলাকায় দা নিয়ে বের হয়েছেন নান্টু হাওলাদার। তবে ভাটিখানা সড়ক ও নবগ্রাম সড়কের চিত্র আরও চিত্তাকর্ষক। সেখানে উৎসবের আমেজে জাল নিয়ে মাছ ধরতে নেমেছেন শতাধিক মানুষ। সবার ঝুলিতেই জমা পড়েছে বেশ কিছু মাছ। উৎসব দেখতে ফুটপাতে ভিড় জমিয়েছেন অনেকে।
বটতলা এলাকায় কথা হয় আ. হাকিমের সঙ্গে। তিনি বলেন, ‘সকাল সাতটায় বাসার সামনে পানিতে মাছ দেখতে পাই। এরপর জাল নিয়ে বের হই। বেশ কিছু তেলাপিয়া ও রুই মাছ পেয়েছি। আমি নামার পর নবগ্রাম সড়কে জাল নিয়ে নেমে পড়েন আরও অনেকে।’
কারও জন্য পৌষ মাস, কারও জন্য সর্বনাশ। মাছ ধরার এই উৎসবের মধ্যেও কেউ কেউ বিষণ্ন মনে ছিলেন। আবদুল ওয়াহেদ নামের এক ব্যক্তি বলছিলেন, ‘আমার¦পুকুরের সব মাছ রাস্তায় উঠে এসেছে। বৃষ্টিতে ডুবে যাবে বুঝতে পারিনি। তাহলে জাল দিয়ে আটকে দিতাম।’ একই কথা জানালেন ভাটিখানার আবদুস ছোবহানও।
বেলা দুইটা পর্যন্ত চলছিল মাছ ধরার উৎসব। এরপর আস্তে আস্তে পানি কমতে থাকলে মাছ শিকারিরাও বাড়ি ফিরতে শুরু করেন।