রাস্তায় সন্তান প্রসবের ঘটনা তদন্তে কমিটি
নাটোরের বাগাতিপাড়ায় হাসপাতালের সামনের রাস্তায় এক নারীর সন্তান প্রসবের ঘটনা তদন্তে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে গত মঙ্গলবার দুপুরে এক নারী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় সন্তান প্রসব করেন। জন্মের পরপরই সন্তানটি মারা যায়। এ ব্যাপারে বুধবার প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নাটোর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেলাল হোসেনকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়। তিন কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সিভিল সার্জন ফেরদৌস নিলুফার জানান, প্রতিবেদন পাওয়ার পর কেউ দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নাটোর-১ আসনের সাংসদ আবুল কালাম আজাদ গতকাল আকস্মিকভাবে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসকদের কাছে বুধবার প্রথম আলোয় প্রকাশিত প্রসূতির চিকিৎসা না পাওয়া ও নবজাতকের মৃত্যুসংক্রান্ত খবরের ব্যাপারে জানতে চান। তিনি উপস্থিত চিকিৎসক ও সেবিকাদের প্রথম আলো দেখিয়ে বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। তাঁদের ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দেন সাংসদ।