রাস্তার অভাবে শত বছর ধরে ধুঁকছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিগন্তজোড়া ফসলের খেত। খেতে পানি থই থই করছে। পানির মধ্যে দ্বীপের মতো জেগে আছে একটি বাড়ি। সেখানে বসবাস করছেন ১৫টি পরিবারের অর্ধশতাধিক লোক। যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই। বর্ষাকালে নৌকা আর শুকনো মৌসুমে খেতের আইল ধরে চলাচল করতে হয়। সড়কের অভাবে ৫০ বছর ধরে এই বাড়ির লোকজন ভোগান্তি পোহাচ্ছেন।
বাড়িটি পিরোজপুরের মঠবাড়িয়া ইউনিয়নের সবুজনগর গ্রামের ২২ নম্বর মৌজায়। স্থানীয় লোকজন এটিকে মাতব্বর বাড়ি হিসেবে চেনেন। বছরের ছয় মাস বাড়ির চারপাশে পানি থাকে। এ সময় বাড়ির লোকজন নৌকা অথবা কলাগাছের ভেলায় যাতায়াত করেন। একটি রাস্তা নির্মাণের জন্য তাঁরা একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৮ শতকের শেষ দিকে ভোলা মাতব্বর নামের এক কৃষক সবুজনগর গ্রামের মাঠের মধ্যে পাঁচ বিঘা জমিতে বাড়ি করেন। দেড় শ বছর ধরে সেখানে তাঁর বংশের লোকজন বাস করছেন। প্রথম দিকে বাড়ির সঙ্গে দক্ষিণ-পূর্ব দিকে গ্রামের মূল সড়ক পর্যন্ত একটি কাঁচা রাস্তা ছিল। ১০০ বছর আগে সেই রাস্তাটি ভেঙে নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর কয়েকবার উদ্যোগ নিলেও জমির মালিকদের বাধায় রাস্তাটি নির্মাণ করা যায়নি।
মাতব্বর বাড়ির বয়োজ্যেষ্ঠ আলতাফ মাতব্বর (৭০) জানান, ভোলা মাতব্বর থেকে শুরু করে তাঁদের বংশের নয় প্রজন্ম এই বাড়িতে বসবাস করছে। বর্তমানে বংশের অনেকে অন্যত্র ঘর তুলে সেখানে বসবাস করছেন। বাড়ির লোকজনের প্রধান পেশা কৃষি। তবে অনেকে গরুর ব্যবসা করেন। টাকার অভাবে তাঁরা ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করতে পারছেন না।
মঠবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বি এম ফারুক হাসান জানান, সড়কের অভাবে ওই বাড়ির বৃদ্ধ, নারী ও বিদ্যালয়গামী শিশুরা ঝুঁকি নিয়ে চলাচল করছে। জমির মালিকদের সঙ্গে আলোচনা চলছে। তাঁরা জমি দিলে রাস্তা নির্মাণ করা হবে।