রাস্তার ইটে দোকান
মাদারীপুরের শিবচর উপজেলায় সরকারি রাস্তার ইটে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁদের দোকানঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা হাটের রাস্তা থেকে ইট তুলে এ কাজ করা হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী ও দোকান-মালিকদের সূত্রে জানা গেছে, বাগমারা হাটে ২০০০ সালে এই সরকারি রাস্তাটি করা হয়। কিন্তু ১৫ ফেব্রুয়ারি রাতে বাগমারা হাট কমিটির সভাপতি মো. ইউনুছ মাদবর, স্থানীয় মো. মোশারফ মিয়া ও সরাফউদ্দিনের অনুমতি নিয়ে রেজাউল তালুকদার ও মো. হবি ফকির ইটগুলো তুলে নিজেদের দোকান নির্মাণে কাজে লাগান। স্থানীয় লোকজন তাঁদের বাধা দিলেও কাজ হয়নি। রেজাউল তালুকদার ও হবি ফকিরের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাওয়া যায়নি। হাট কমিটির সভাপতি ইউনুছ মাদবর রাস্তার ইট তোলার অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি ঘটনাটি জানতামই না। জানার পর কাজ বন্ধ করে দিয়েছি।’ নিলখী ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেব।’উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’