রাস্তার এক ইঞ্চি জায়গাও হকারদের দখলে যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেছেন, রমজানের শুরু থেকে ঈদ পর্যন্ত নগরের রাস্তায় এক ইঞ্চি জায়গাও হকারদের দখলে যাবে না। রাস্তায় পণ্য নিয়ে হকারদের বসতে দেওয়া হবে না। নির্দিষ্ট স্থান ছাড়া রাস্তায় কোনো গাড়ি পার্ক করে রাখা যাবে না। বাস থামবে যাত্রীছাউনির সামনে। যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করা যাবে না। ফুটপাতে ইফতার সামগ্রীর দোকান বসতে পারবে না।
গতকাল বুধবার বিকেলে নগরের লালদীঘি এলাকায় পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে পবিত্র রমজান উপলক্ষে পুলিশের নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ কমিশনার।
সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, পবিত্র রমজান মাসে বেশি টাকা আনা-নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীসহ যে কেউ চাইলে নিরাপত্তা দিবে পুলিশ। রাতে ব্যবসায়ীদের নগদ টাকা রাখার সমস্যা হলে প্রয়োজনে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে টাকা জমা রাখা যাবে। সুবিধামতো সময়ে ওই টাকা ফেরত নেওয়া যাবে।
রমজানে মার্কেটের সামনে দীর্ঘ যানজট সৃষ্টি হয় উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, এবার প্রত্যেক মার্কেটের আশপাশের খালি বড় জায়গা পার্কিংয়ের জন্য রাখছেন ব্যবসায়ীরা। উদাহরণ দিয়ে তিনি বলেন, টেরিবাজারে আসা লোকজনের জন্য নগরের লালদীঘি মাঠ পার্কিংয়ের জন্য ব্যবসায়ীরা ভাড়া নিচ্ছেন। এ ছাড়া রেয়াজুদ্দিন বাজার তামাকুণ্ডি লেনের ব্যবসায়ীরা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠ পার্কিংয়ের জন্য নিচ্ছেন।
প্রথমবারের মতো নিউমার্কেট, শপিং কমপ্লেক্সসহ পাঁচটি মার্কেটের সামনে ডিজিটাল ডিসপ্লে বোর্ড থাকবে। এ ব্যবস্থায় মার্কেটে আসা লোকজন পার্কিংয়ের জায়গা কতটুকু খালি আছে, তা দেখতে পারবেন।
পুলিশ কমিশনার আরও বলেন, পবিত্র রমজানকে ঘিরে নগরের মার্কেটগুলোতে সাদাপোশাকে পুলিশের সদস্যরা নিরাপত্তায় থাকবেন। ১৫ রোজা পর্যন্ত বেলা ২টা থেকে রাত ১২টা এবং ১৫ রোজার পর বেলা ১১টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কমিউনিটি পুলিশের সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ স্বেচ্ছাসেবী মার্কেটের সামনে থাকবেন, যাতে যানজটের সৃষ্টি না হয়।
ছিনতাইকারীসহ অপরাধীদের কাছ থেকে বাঁচতে মার্কেটে আসা লোকজনকে নিরিবিলি রাস্তা দিয়ে চলাচল না করতে নগরবাসীকে অনুরোধ জানান পুলিশ কমিশনার। তিনি বলেন, অজ্ঞান পার্টি, মলম পার্টির ব্যাপারে জনগণকে সচেতন করতে বাস, রেলস্টেশনে নাটিকা প্রদর্শন করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, পবিত্র রমজানে নিত্যপণ্যে ও পোশাক বিক্রির ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে অতিমুনাফা না করেন, তার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযান চালাতে সহায়তা করবে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মাসুদ উল হাসান, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য্য, উপপুলিশ কমিশনার (উত্তর) মো. আবদুল ওয়ারীশ, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন প্রমুখ।