রাস্তার ওপর অবাধে তেল চুরির ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদা গাড়িটি থেকে রবারের নল দিয়ে বের করা হচ্ছে তেল৷ ঘটনাস্থল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যবর্তী সড়ক৷ সম্প্রতি ছবিটি তোলা l প্রথম আলো
সাদা গাড়িটি থেকে রবারের নল দিয়ে বের করা হচ্ছে তেল৷ ঘটনাস্থল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যবর্তী সড়ক৷ সম্প্রতি ছবিটি তোলা l প্রথম আলো

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা৷ রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি বাস৷ পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে উদ্দেশ করে চালক বললেন, ‘তাড়াতাড়ি কর, আইজকা তিন লিটার৷’ চালকটির কথা শুনে ছেলেটি গাড়ির তেলের ট্যাংক থেকে একটি রবারের নল টেনে রাস্তার পাশে দেয়ালের ওপারে লুকিয়ে রাখা আরেকটি ড্রামের ভেতর দ্রুত চালান করে দেয় প্রায় তিন লিটার তেল৷ তেল নেওয়া শেষ হলে চালক দ্রুত টাকা নিয়ে সটকে পড়ে৷ ছেলেটি আগের মতো নলটি লুকিয়ে ফেলে দেয়ালের অন্য পাশে৷
এভাবেই তেল চুরি হচ্ছে সরকারি, বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকজনের নিজস্ব গাড়ি থেকে৷ খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যবর্তী সড়কটির ওপর চলে এই অবৈধ ব্যবসা৷ প্রতিদিন সকালে অফিসের সময় শুরু হওয়ার পর এবং বিকেলে শেষ হওয়ার আগে তেল চুরির এই কারবার চলে৷ এ ছাড়া বেসরকারি পরিবহন ও ব্যক্তিগত গাড়ি থেকে প্রায় সারা দিনই কমবেশি তেল চুরির ঘটনা ঘটে৷
সরেজিমনে দেখা যায়, গািড়র তেলের ট্যাংক থেকে রবারের নল দিয়ে বিশেষ কায়দায় তেল বের করে প্রথমে জগ বা কোনো পাত্রে রাখা হয়৷ তারপর সেই তেল নিয়ে রাখা হয় দেয়ালের ওপাশে ড্রামের ভেতর৷
অনুসন্ধানে জানা যায়, গাড়িচালকেরা মূলত এই তেল চুরির সঙ্গে জড়িত৷ প্রতিদিন কয়েক শ লিটার তেল তাঁরা প্রায় অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছেন৷ আর পরবর্তী সময়ে সেই তেল চলে যায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর হাতে৷ তেলের দোকানটি পরিচালনা করেন মো. শাহজাহান নামের এক ব্যক্তি৷ তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে৷ তিনি বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সরকারি কর্মচারীদের জন্য তৈরি বস্তির ‘জাপানিজ পাড়া’য় বসবাস করেন৷ তিনি ভাড়ায় গাড়ি চালাতেন৷ এখন সেই পেশা বাদ দিয়ে এই অবৈধ তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন৷ গত মার্চ মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওই রাস্তার ওপর অবস্থিত সব অবৈধ দোকান উচ্ছেদ করে প্রশাসন৷ কিছুদিন বন্ধ থাকার পর আবার ব্যবসা শুরু করেন শাহজাহান৷
ওই সূত্র জানায়, শাহজাহান প্রতিদিন যে পরিমাণ তেল কেনেন, তার কিছু অংশ বিক্রি করে দেন সাধারণ চালকদের কাছে৷ বাকি তেল বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে৷
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রাজধানীতে আরও ২০টি জায়গায় এ রকম অবৈধ তেল চুরির কারবার চলে৷
অভিযোগের বিষয়ে জানতে শাহজাহানের কাছে গেলে তিনি এ প্রতিবেদকের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি৷
তেল চুরির ব্যাপারে জানতে চাওয়া হলে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক নুরুল ইসলাম টেলিফোনে প্রথম আলোকে জানান, এ বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই৷ তবে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷