রাস্তার ওপর গাড়ি ফুটপাতে বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত ডিটি সড়ক সম্প্রসারণের কাজ চলছে। চওড়া সড়কের এক পাশ দখল করে রেখেছে ট্রাক-বাস, পিকআপ ভ্যান। আর ফুটপাতে নিয়মিত বসছে বাজার ও আসবাবপত্রের দোকান। এতে প্রতিদিনই এ সড়ক দিয়ে চলাচলে মানুষের ভোগান্তি হচ্ছে। সড়ক সম্প্রসারণের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।সরেজমিনে গিয়ে দেখা যায়, দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত সড়ক বিভাজকের (রোড ডিভাইডার) কাজ চলছে। এ অবস্থায় ঈদগা, মনসুরাবাদ, বারো কোয়ার্টার, পাহাড়তলী বাজার এলাকায় রাস্তার এক পাশ দখল করে রেখেছে ট্রাক-বাস, পিকআপ ভ্যান। এতে বাধ্য হয়েই সড়কের অপর অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনগুলোকে। এ কারণে এসব এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে।গতকাল সোমবার সকালে মনসুরাবাদ এলাকায় যানজটের কবলে পড়েন ব্যাংক কর্মকর্তা আরিফুর রহমান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তা বড় করে কী লাভ হয়েছে? রাস্তার এক অংশ তো বাস-ট্রাকগুলো দখল করে রেখেছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও যেন দেখার কেউ নেই।’ডিটি সড়কের বিভিন্ন অংশে ফুটপাত দখল করে রেখেছেন আশপাশের দোকানিরা। তাঁরা এখানে তাঁদের মালামাল রেখেছেন। ঈদগা ও মনসুরাবাদ ওয়াপদা কলোনির আশপাশের দুই দিকের ফুটপাতজুড়ে বসেছে খাট, পালঙ্ক, আলনার দোকান এবং সাইকেল ও ফ্রিজ মেরামতের দোকান। প্রতিদিন সন্ধ্যায় মনসুরাবাদ ও ঈদগা কাঁচা রাস্তার মোড়ে ফুটপাত দখল করে বাজার বসে বলেও অভিযোগ পাওয়া গেছে।ঈদগা আবিদ কমপ্লেক্সের সভাপতি ও বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. সাঈদ বলেন, ‘আমরা রাস্তা বড় করার জন্য নিজেদের জায়গা ছেড়ে দিয়েছি। কিন্তু বাস্তবে এর কোনো সুফলই পাচ্ছি না। প্রতিদিন ধুলাবালুতে নাকাল হচ্ছে মানুষ। তার ওপর রাস্তার এক পাশে বাস-ট্রাকের স্ট্যান্ড গড়ে ওঠায় যানজট হচ্ছে এখানে। মনসুরাবাদ এলাকায় ফুটপাতে ফার্নিচারের দোকানসহ ছোটখাটো দোকান বসেছে। সন্ধ্যায় বাজার বসে মনসুরাবাদ ও কাঁচা রাস্তার মোড়ে। তাই এসব সড়কে লোকজন চলাচলের কোনো সুযোগই নেই।’ সিডিএর দেওয়ানহাট থেকে অলংকার মোড় পর্যন্ত সড়ক সম্প্রসারণ প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রাস্তায় বসিয়ে রাখা বাস-ট্রাক সরিয়ে নেওয়ার বিষয়ে আমরা পুুলিশ প্রশাসনকে জানিয়েছি। তার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, ‘ ২৭ জানুয়ারি মধ্যে আমরা সবাইকে ফুটপাত ছেড়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছিলাম। এর পরও সবাই ফুটপাত দখল করে রেখেছে, তাই আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেব।’