রাস্তার ওপর ট্রান্সফরমার ঝুঁকিতে পথচারীরা
নীলফামারীর সৈয়দপুর শহরের বাঁশবাড়ী মহল্লায় রাস্তার ওপর ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রাখা হয়েছে। এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। একটি প্রাথমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এবং কয়েক হাজার পথচারী ওই রাস্তা দিয়ে চলাচল করছে।
এলাকাবাসী জানান, গত আগস্ট মাসে শহরের টালি মসজিদসংলগ্ন বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশের ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এতে কয়েক হাজার গ্রাহক কয়েক দিন বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সৈয়দপুর বিতরণ কেন্দ্রের কর্মীরা এখানে এসে ট্রান্সফরমারটি মেরামতের জন্য নিয়ে যান এবং সাময়িক বিদ্যুৎ সরবরাহের জন্য একটি ট্রান্সফরমার রেখে যান। সরেজমিনে দেখা গেছে, বাঁশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় একটি ট্রলির ওপর ট্রান্সফরমারটি রাখা হয়েছে। এর চারপাশে লোহার খাঁচা আছে।
এলাকাবাসীর অনেকে জানান, নিয়মানুযায়ী এই ট্রান্সফরমার কোনো স্থানে ২৪ ঘণ্টার বেশি রাখা যাবে না। কিন্তু এখানে স্থাপনের চার মাস পরেও এটি সরানো হয়নি। এটি এভাবে রাখায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আতঙ্কে আছে।
সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন জানান, বিদ্যালয়ের সামনে ট্রান্সফরমার রাখায় শিক্ষার্থীরা বিপদে পড়তে পারে। এই কারণে এলাকাবাসী ও অভিভাবকেরা আতঙ্কে আছেন। বিষয়টি পিডিবির সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
এলাকার আবদুস সাত্তার জানান, ট্রান্সফরমারটি বর্তমানে বিপজ্জনক স্থানে আছে। মুসল্লিরা এর পাশ দিয়ে পাশের টালি মসজিদে নামাজ আদায় করতে যান। যেকোনো সময় তাঁরাও দুর্ঘটনার শিকার হতে পারেন।
পিডিবির সৈয়দপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী শাহাদৎ হোসেন সরকার বলেন, ‘আমরা ট্রান্সফরমারটি দ্রুত অপসারণ করে স্থায়ী ট্রান্সফরমার স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’