রাস্তার ওপর নোংরা পানি এলাকার নাম জুরাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে উত্কট দুর্গন্ধ৷ ড্রেন-স্যুয়ারেজের উপচে পড়া নোংরা ও ময়লাযুক্ত পানি রাস্তার ওপর উঠে এসেছে৷ জমাটবদ্ধ এসব পানিতে মশা-মাছি, আবর্জনার স্তূপ, কাগজের পোঁটলা, মলমূত্রসহ নানা বিষাক্ত বর্জ্য৷ এই দৃশ্য রাজধানীর জুরাইন এলাকার বেশির ভাগ সড়কের৷
স্থানীয় বাসিন্দারা জানান, জলাবদ্ধতা এই এলাকার অনেক দিনের সমস্যা৷ বর্ষাকালে তা আরও প্রকট আকার ধারণ করে৷ তবে ড্রেন ও স্যুয়ারেজের অব্যবস্থাপনার কারণে বছরজুড়েই এই এলাকার বিভিন্ন সড়কে নোংরা পানি জমে থাকে৷
স্থানীয় কয়েকজন জানান, অন্যান্য বছরে শীতে জলাবদ্ধতা কম হলেও এ বছরে তা আগের চেয়ে অনেক বেশি৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিভিন্ন নির্বাচনে জনপ্রতিনিধিরা বারবার শুধু জলাবদ্ধতার প্রতিশ্রুতি দেন, সমস্যার সমাধান করেন না৷ এই এলাকাটি ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের অঞ্চল-৫-এর অন্তর্ভুক্ত৷
জুরাইনের কুসুমবাগ এলাকায় গিয়ে দেখা গেছে, ড্রেনের ওপর দিয়ে নোংরা পানি উপচে গোটা এলাকার বিভিন্ন সড়কে ও বাড়ির আশপাশে জমে আছে৷ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল, তারা সিটি করপোরেশনের ওপর ত্যক্ত-বিরক্ত৷ করপোরেশনের কেউ এখানে আসে না৷ যেন বিষয়টি নিয়ে কারও মাথাব্যথ্যা নেই৷ সিটি করপোরেশনের কেউ এখানে আসেন না বললেই চলে৷ তাই এলাকার মানুষ নিজেদের উদ্যোগে কিছু কিছু ড্রেন পরিষ্কার করেন ও রাস্তার ওপর ইট-সুরকি বিছিয়ে জলাবদ্ধতা দূরের চেষ্টা করেন৷
দুপুরে মানুষ গোসলসহ ঘর-গেরস্থালির নানা কাজ করে৷ বিশেষ করে শুক্রবারে পানির প্রবাহ বেড়ে রাস্তাঘাট ডুবে যায়৷ এলাকার বাসিন্দা স্বপন মিয়া (৭৮) বলছিলেন, ‘পানির দ্যাখছেনটা কী? এই শীতের মইদ্যেও শুক্রবার দুপুরে পানির বান আহে৷ ডেইলি দুপুরে এই এলাকা আইলে মনে হইব বর্ষা আইছে৷’ তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এই দেশে কি সরকার আছে? কই, সিটি করপোরেশনের লোকদের তো এক দিনও আইতে দেখি না৷’
এই নোংরা পানির মধ্যে চলাচল করে শিশুরা প্রায়ই রোগাক্রান্ত হওয়াসহ নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়৷ এলাকার বাসিন্দা খোদেজা বেগম জানান, নোংরা পানির জলাবদ্ধতার কারণে প্রায়ই তাঁর বাড়িঘর, টয়লেট ভেসে যায়৷ শিশুদের পায়ে ঘা ও ডায়রিয়া হয়৷ শিশুরা নোংরা পানিতে পড়ে গেলে পোশাকও নষ্ট হয়৷ নিজেদের অসহায়ত্বের কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘নিজেগো ঠান্ডা লাইগ্যা যায়, শিশুগো রোগ-বালাই হয়, কিছুই করতে পারি না৷’
স্থানীয় বাসিন্দারা জানালেন, এই সড়কেই সাবেক সাংসদ সানজিদা খানমের বাড়ি৷ দেড় বছর আগে এই সড়ক সংস্কারের জন্য প্রায় দেড় কোটি টাকা ব্যয় হলেও কার্যত কোনো সংস্কার হয়নি৷ এলাকার বেশ কয়েকজন ওই কাজের মান নিয়ে কথা বললেও তাঁদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়৷
এই এলাকার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত একজন জানান, কী আর বলব, আগের এমপির বাড়ির সামনের রাস্তাই এত খারাপ অবস্থা৷ তাহলে চিন্তা করেন অন্য রাস্তাগুলোর কী অবস্থা?