রাস্তার ওপর বাজার ভোগান্তি সবার
মৌলভীবাজারের রাজনগর উপজেলা সদরে নির্ধারিত কাঁচাবাজার না থাকায় সড়কের দুই পাশে নানা রকম পণ্য নিয়ে বসেন ক্রেতা-বিক্রেতারা। ফলে সেখানে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। অন্যদিকে কাঁচাবাজারের আড়ালে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থায়ী ব্যবসায়ীরা। আবার বৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন কাঁচাবাজারের ক্রেতা-বিক্রেতারা।স্থানীয় ব্যবসায়ীরা জানান, যেকোনো গ্রামীণ হাটবাজারে কাঁচামাল বিক্রির নির্দিষ্ট স্থান থাকলেও রাজনগর উপজেলা সদরে তা নেই। তাই উপজেলা সদরের ওপর দিয়ে চলে যাওয়া মৌলভীবাজার-রাজনগর-বালাগঞ্জ সড়কের দুই পাশ এবং শহীদ মিনারের সামনেই শাকসবজি, গুড়-মুড়ি, পানসুপারিসহ নানা রকম পণ্য নিয়ে বসে যান কয়েক শ ব্যবসায়ী এবং আশপাশের গ্রাম থেকে পণ্য নিয়ে আসা কৃষকেরা। সাপ্তাহিক হাটবার ছাড়াও প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত সেখানে চলে পণ্য কেনাবেচাসহ অন্যান্য কার্যক্রম। ফলে বাস-ট্রাকসহ যান চলাচলের পথ প্রায় বন্ধ হয়ে পড়ে। অন্যদিকে রাস্তা দখল করে কাঁচাবাজার বসায় ভিড় ঠেলে দুই পাশের স্থায়ী দোকানগুলোতে যেতে চান না ক্রেতারা। ফলে লোকসান গুনতে হচ্ছে স্থায়ী দোকানিদের। আবার বৃষ্টি হলেই পণ্য নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে গিয়ে ভোগান্তিতে পড়েন কাঁচাবাজারের ক্রেতা-বিক্রেতারা।বাজারের সবজি ব্যবসায়ী রিপন আহমদ বলেন, খোলা আকাশের নিচে দোকান। একটু বৃষ্টি বা অন্য কোনো সমস্যা হলেই দোকান গুটিয়ে নিতে হয়। বাজারের ব্যবসায়ী সমিতি সূত্র জানায়, উপজেলা সদরে কাঁচাবাজার বসানোর জন্য একটি ঘর আছে। কিন্তু ওই জায়গার মালিকানা নিয়ে বিরোধ থাকায় সেটিতে কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। ফলে সেখানে বাজারও বসছে না। নির্ধারিত কাঁচাবাজার না থাকায় সমস্যা হওয়ার কথা স্বীকার করে রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনগর ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান খয়রুল মজীদ সালেক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘উপজেলা সদরে একটি বাজারঘর আছে। আমি নিজে একটি সংস্থা থেকে টাকা এনেছিলাম। কিন্তু মালিকানা নিয়ে সমস্যার কারণে কাজ হয়নি।’রাজনগর উপজেলা প্রকৌশলী রুবায়েত জামান বলেন, ‘এই মুহূর্তে রাজনগর উপজেলা সদরে কাঁচামালের বাজার নির্মাণ নিয়ে কোনো প্রকল্প নেই।’ রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিতোষ হাজরা বলেন, ‘রাজনগর বাজার নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই। এ ছাড়া আমি আসার পর থেকে এখন পর্যন্ত কাঁচাবাজার নিয়ে পরিষদের সভায় কোনো আলোচনাও হয়নি।’