রাস্তার ওপর বালু ও খোয়া রেখে ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তাহার-বগুড়া সড়কের প্রায় ৫০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে সড়কের পাশের জায়গা দখল করে অনেক ব্যবসায়ী বালু-খোয়া বিক্রির কেন্দ্র এবং স্যানিটারি সামগ্রী তৈরির কারখানা গড়ে তুলেছেন। ফুটপাত ও সড়কের অংশ দখল করে বালু-খোয়া রাখায় এবং মূল সড়কের ওপর যানবাহন দাঁড় করিয়ে রেখে এসব পণ্য ওঠানো-নামানোর কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।অভিযোগ রয়েছে, আর্থিক সুবিধার বিনিময়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বগুড়ার কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতায় এসব বিক্রয়কেন্দ্র ও কারখানা গড়ে উঠেছে।আদমদীঘি উপজেলা সদরের একাধিক স্থানে ও সান্তাহার পৌর এলাকার ঢাকা রোড, হবির মোড়, খাড়ির ব্রিজ ও রেলক্রসিং এলাকাসহ কয়েকটি স্থানে সড়কের পাশে গড়ে উঠেছে স্যানিটারি সামগ্রীর কারখানা। শুধু সান্তাহার পৌর এলাকার প্রায় ১০-১২টি স্থানে সড়কের ওপর বালু ও খোয়া রেখে চলছে বেচাকেনা। সান্তাহার পূর্ব ঢাকা রোডের চাতাল ব্যবসায়ী মাহাতাব উদ্দীন বলেন, তাঁর চাতালের পাশে সড়ক ঘেঁষে জুয়েল নামের এক ব্যক্তি স্যানিটারি সামগ্রী তৈরি করছেন। এ কারণে তাঁর চাতালে যানবাহন আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। বগুড়া-সান্তাহার পথের বাসচালক ইন্তাজ উদ্দীন বলেন, সান্তাহার থেকে বগুড়া পর্যন্ত সড়কের দুই পাশে স্যানিটারি সামগ্রী তৈরির অর্ধশতাধিক কারখানাসহ সড়কের ওপর প্রায় শতাধিক জায়গায় বালু ও খোয়া বেচাকেনা হয়। সড়কের ওপর খোয়া ও বালু রাখার কারণে যানবাহন চালাতে গিয়ে ঝুঁকির মধ্যে পড়তে হয়। তিনি বলেন, বালুর ওপর গাড়ির চাকা পড়লে গাড়ি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের ওপরে রাখা বালুতে পিছলে অনেক যানবাহন দুর্ঘটনার শিকার হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। নাম প্রকাশ না করার শর্তে সান্তাহার শহরের পূর্ব ঢাকা রোড এলাকার এক ব্যবসায়ী জানান, শুধু বালু, খোয়া ও স্যানিটারি সামগ্রীর কারখানাই নয়, সওজের জায়গায় গড়ে ওঠা সব দোকানপাট থেকে প্রতি মাসে ওই বিভাগের কিছু লোক এসে টাকা নিয়ে যান। সান্তাহার পূর্ব ঢাকা রোড এলাকার স্যানিটারি কারখানার মালিক জুয়েল জানান, কারখানার জায়গা সওজের হলেও তিনি জনৈক চাতাল ব্যবসায়ী মোসলেম উদ্দীনের কাছে থেকে জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করছেন। এ ব্যাপারে সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, সওজের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা এবং সড়কের পাশের ইট-বালুর বিক্রয়কেন্দ্র থেকে প্রতি মাসে টাকা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগ পেলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। সড়কের জায়গায় যেসব ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো অপসারণ করা হবে।