রাস্তার ওপর ১১০০০ ভোল্টের ট্রান্সফরমার
‘হাই ভোল্টেজ, ১১,০০০ ভোল্ট, বিপদজনক’—এ রকম সাবধানবাণী লিখে রাখলেও মূল সড়কের ওপর অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রাখা হয়েছে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। সিলেট নগরের ব্যস্ততম বন্দরবাজার এলাকায় সম্প্রতি ভ্রাম্যমাণ এ ট্রান্সফরমারটি বসানো হয়।
বন্দরবাজারের পদচারী-সেতুর ঠিক পাশেই মূল সড়কের ওপর ট্রান্সফরমারটি বসিয়েছে সিলেটের বিদ্যুৎ বিতরণ বিভাগ। অথচ প্রতিদিন এ সড়ক ধরে হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে। এ ছাড়া ট্রান্সফরমারের ছয় থেকে আট গজ দূরেই দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিশুরা প্রতিদিন এ ট্রান্সফরমারের পাশ দিয়েই যাতায়াত করে।
কয়েকটি শিশুকে ট্রান্সফরমারের পাশ ঘেঁষে বিদ্যালয়ে যেতে দেখা যায়। এদের মধ্যে তিনজন ছাত্রী জানিয়েছে, ট্রান্সফরমারের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ভয় লাগে। দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানি নাথ বলেন, ‘বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীরা যাতায়াতের সময় খেলার ছলে ট্রান্সফরমারের ভেতরে আঙুল ঢুকিয়ে দিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই দ্রুত ট্রান্সফরমারটি সরিয়ে ফেলা উচিত।’
সিলেটের বিদ্যুৎ বিতরণ বিভাগ জানিয়েছে, সাধারণত বৈদ্যুতিক খুঁটির ওপর ট্রান্সফরমার স্থাপন করা হয়ে থাকে। কোথাও এসব ট্রান্সফরমার বিকল হয়ে গেলে সেখানে এলাকাবাসীর বৈদ্যুতিক সুবিধা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার বসানো হয়। পরে মূল ট্রান্সফরমার মেরামত করে সেটি সংশ্লিষ্ট স্থানে পুনঃস্থাপন করে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার সরিয়ে নেওয়া হয়। বর্তমানে নগরের ছয়টি স্থানে এমন ভ্রাম্যমাণ ট্রান্সফরমার রয়েছে।
বন্দরবাজার এলাকায় ২ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার ১৩ জন পথচারীর সঙ্গে কথা হয়। তাঁদের সবারই অভিন্ন মত, নগরের অতি গুরুত্বপূর্ণ একটি এলাকার মূল সড়কের ওপর এভাবে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার বসানোটা একেবারেই অযৌক্তিক। দ্রুত এটি সরিয়ে ফেলা উচিত। অন্যথায় যেকোনো মুহূর্তে দুর্ঘটনার মুখোমুখি হতে পারে যে কেউ।
এ বিষয়ে যোগাযোগ করলে বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘ভ্রাম্যমাণ ট্রান্সফরমারগুলো লোহার বেষ্টনী দিয়ে এমনভাবে রাখা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তবে কেউ লাঠিসোঁটা দিয়ে ইচ্ছাকৃতভাবে খোঁচা দিলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। দ্রুততম সময়ের মধ্যে মূল ট্রান্সফরমারটি সারিয়ে ভ্রাম্যমাণ ট্রান্সফরমারটি সরানোর প্রচেষ্টা আমাদের থাকবে।’