রাস্তার কাজ অসমাপ্ত থাকায় দুর্ভোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বাজার থেকে চিলাপাক বাজার পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। এটি সয়ার ইউনিয়নের সঙ্গে তারাগঞ্জ সদরের সংযোগ সড়ক। ২০ মাস আগে এই সড়কের ৭২৫ মিটার অংশের পাকাকরণের কাজ শুরু হয়। কিন্তু কাজটি শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তারাগঞ্জ কার্যালয় থেকে জানা গেছে, ২০১১ সালে দরপত্র আহ্বানের মাধ্যমে ২৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ওই সড়কের ৭২৫ মিটার অংশের পাকাকরণের কার্যাদেশ পায় মেসার্স তামান্না ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে সড়কের ওই অংশে বিছানো হয় ইটের খোয়া। এরপর আর কাজ হয়নি। তখন থেকেই রাস্তায় বিছানো ইটের টুকরার কারণে ওই সড়ক দিয়ে হেঁটে যাতায়াত করা তো দূরের কথা, যানবাহন চলাচলও দুরূহ হয়ে পড়েছে। দোলাপাড়া গ্রামের কৃষক একরামুল হক বলেন, ‘খড় খড় আস্তাটা দিয়া হাঁটা যায় না। ইটের টুকরা ঘুতা নাগে, পাও কেল্টি (কেটে) যায়। বাইদ্য হয়া হামরা আস্তা ছাড়ি ভুঁইয়ের আইল দিয়া যাওয়া-আইসা করি।’ চিলাপাক গ্রামের বাসিন্দা আবদুস সোবহান বলেন, ‘আগে যখন রাস্তাটা কাঁচা ছিল, তখন যানবাহন চলাচল না করলেও কষ্ট করে হেঁটে যাতায়াত করা যেত। কিন্তু ইটের খোয়া বিছানোর পর থাকি হাঁটাও যায় না, গাড়িও চলে না।’সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে রাস্তাটির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত ঠিকাদার কাজ শেষ করেনি। ইটের খোয়া বিছানো ওই রাস্তাটুকু জনগণের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এ ব্যাপারে মেসার্স তামান্না ট্রেডার্সের মালিক মেহেদী হাসান বলেন, ‘শুধু ৭২৫ মিটার সড়কে খোয়া বিছানোর বিল হয় ১৩ লাখ টাকা। ২০ মাসে পাইছি মাত্র ছয় লাখ টাকা। বিল না পেলে কার্পেটিং করব কী দিয়ে?’উপজেলা প্রকৌশলী জাহিদ হোসেন বলেন, সয়ার ইউপির চেয়ারম্যান বিষয়টি তাঁকে জানিয়েছেন। কাজ শেষ করার জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হচ্ছে।