রাস্তার কাজ নিয়ে সংঘর্ষ গাড়িতে আগুন, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌরসভার একটি রাস্তার সংস্কারকাজ নিয়ে কাউন্সিলর ও ঠিকাদারের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে এ ঘটনায় দুই শ্রমিক আহত হন। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান হক অ্যান্ড সন্সের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ এক কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে পৌর এলাকার চেচানিয়াকান্দি মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম মাহাবুব আলী সোহেল (৩৫) এবং সাইফুল ইসলাম স্বপন (৩০) ও আবুল মোল্লাকে (৪০) গ্রেপ্তার করে। ঠিকাদার আশরাফুল আলম বলেন, ‘এম মাহাবুব আলী সোহেল আমার কাজের স্থলে এসে শ্রমিকদের অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ করলে কাউন্সিলর ও তাঁর সঙ্গে আসা লোকজন শ্রমিকদের মারধর করেন। একপর্যায়ে তাঁরা রাস্তার কাজে আনা রোলার ও পানির পাম্পমেশিনে আগুন ধরিয়ে দেন।’ এ ব্যাপারে শ্রমিক বাবু খাঁ গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।আশরাফুল আলম অভিযোগ করেন, তিনি যেখানে রাস্তা সংস্কারের কাজ করছেন সেটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে নয়। কাউন্সিলর অযাচিতভাবে উদ্দেশ্য নিয়ে কাজে বাধা দিতে যান। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন জানান, পৌরসভার বাস্তবায়নাধীন আমেনা স্কুল-চেচানিয়াকান্দি সড়ক সংস্কারের কাজ চলছে। ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম মাহাবুব আলী সোহেল কাজ সঠিকভাবে করার জন্য ঠিকাদারের শ্রমিকদের নির্দেশ দিতে যান বলে শুনেছি। এ নিয়ে শ্রমিক ও কাউন্সিলরের কথাকাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কাউন্সিলর ও ঠিকাদারের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের রোলারে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার মনির হোসেন বলেছেন, পুলিশ ঘটনাস্থল থেকে কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে। মামলা ও আইনগত অন্যান্য বিষয় প্রক্রিয়াধীন।