রাস্তার খবর জানতে ফেসবুকে 'ট্রাফিক অ্যালার্ট'
ঢাকায় চাকা ঘোরে থমকে থমকে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। কোনো একটি সিগন্যালে বসে থাকলে বোঝার উপায় নেই সামনের সিগন্যালগুলোর কী অবস্থা। তবে সমাধান আছে। যেকোনো সড়কে যানজটের কী অবস্থা, তা নগদ জেনে নেওয়া সম্ভব। এ জন্য আছে সামাজিক যোগাযোগের মাধ্যমকেন্দ্রিক ট্রাফিক অ্যালার্ট।
সাফাত নাবিল প্রায়ই গুলশান থেকে ধানমন্ডি যেতে মহাখালীতে যানজটে বসে থাকতেন। বিকল্প পথ নেওয়া যায়। কিন্তু সেই পথেও তাঁর জন্য কী অপেক্ষা করছে, জানার উপায় নেই। বিরক্তি, হতাশা ভর করে। হতাশা থেকেই সমাধানের শুরু। সাফাত বলেন, ‘রাস্তার কী অবস্থা জানতাম না। এমন কোনো প্ল্যাটফর্মও ছিল না, যে জানতে পারব। নিজেই উদ্যোগ নিই।’ বিশ পেরোনো এই তরুণ ২০১৪ সালের ২০ আগস্ট সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ খোলেন—ট্রাফিক অ্যালার্ট। শুরুতে নিজে চেষ্টা করতেন মানুষকে সড়কের অবস্থা জানাতে। কিন্তু সাফাতের পক্ষে ঢাকার সব খবর জানা সম্ভবও ছিল না। নিজের সঙ্গে আরও দুজন অ্যাডমিন (গ্রুপ পরিচালক) যুক্ত করেন। প্রথমে এর সদস্য কম ছিল। সাফাত বলেন, ২০১৫ সালের শুরুতে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। মানুষ তখন সড়কের খবর জানতে উদ্গ্রীব হয়ে পড়ে। মূলত ওই সময় থেকেই ট্রাফিক অ্যালার্ট পেজের সদস্য বাড়তে থাকে। বর্তমানে সদস্য আছেন প্রায় ৪৭ হাজার। প্রতিদিন পাঁচ শ থেকে সাত শ মানুষের অনুরোধ আসে। তবে বাছবিচার করেই তাঁদের গ্রুপে ঢোকানো হয়।
এই গ্রুপের নির্দিষ্ট কিছু নীতিমালা আছে। অযাচিত কোনো পোস্ট রাখা হয় না। ঢাকার যানজট ও রাস্তার খবরাখবর-সংক্রান্ত বিষয়গুলোই এখানে দেওয়া হয়। যেকোনো মুহূর্তে কোন সড়কটি ফাঁকা, কোন সড়কে এড়িয়ে চলতে হবে, এ পেজে ঢুকলেই জানা যায়। পেজ ব্যবহারকারীরা প্রতি মুহূর্তে স্বেচ্ছাসেবী হিসেবে সড়কের হাল জানিয়ে থাকেন।
একটি সড়কের খবর কতটা দ্রুত পাওয়া যাবে জানতে চাইলে সাফাত বলেন, এটা নির্ভর করে এলাকার ওপর। তবে দ্রুতই মানুষ জানতে পারে। এ গ্রুপে মানুষ নিজেরাই নিজেদের সাহায্য করছে।