রাস্তার খবর নেই, কৃতিত্ব নিয়ে টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের কল্পনা সিনেমা হল থেকে তালাইমারী পর্যন্ত চার লেনের একটি রাস্তা ১৯ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদন হয়েছে। কাজ কবে শুরু, আর কবে শেষ হবে তার ঠিক নেই—কিন্তু রাস্তাটির কৃতিত্ব নিয়ে এরই মধ্যে সিটি করপোরেশনের সাবেক ও সদ্য বরখাস্ত হওয়া দুই মেয়রের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে।
সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সদ্য সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে অভিনন্দন জানিয়ে খবরের কাগজে বিজ্ঞাপন ছাপানো শুরু করেছেন তাঁদের সমর্থক-শুভাকাঙ্ক্ষীরা। তাতে দাবি করা হচ্ছে, নিজ নিজ মেয়রের কারণেই রাস্তাটি আলোর মুখ দেখছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একনেকে অনুমোদন পাওয়ার পরের দিনই বুধবার মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে স্থানীয় একটি পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এ এইচ এম খায়রুজ্জামানের ছবি দিয়ে একটি বিজ্ঞাপন ছাপা হয়। তাতে এই রাস্তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলা হয়েছে, ২০১২ সালে সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান প্রকল্পটি গ্রহণ করেছিলেন।
মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একই বিজ্ঞাপন গত শুক্রবারও প্রকাশ করা হয়েছে স্থানীয় তিনটি পত্রিকায়। আগের দিন বৃহস্পতিবার সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে প্রধানমন্ত্রী ও খায়রুজ্জামানকে অভিনন্দন জানানো হয়েছে। একই দিন শেখ হাসিনা ও খায়রুজ্জামানের সঙ্গে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে বাদশাকেও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিজ্ঞাপন ছাপা হয়েছে একটি পত্রিকায়।
মোসাদ্দেক হোসেনকে কৃতিত্ব দিয়ে বিজ্ঞাপন ছাপিয়েছে সম্মিলিত নাগরিক ফোরাম। শুক্রবার ফোরামের পক্ষ থেকে অপর একটি পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে সদ্য বরখাস্ত হওয়া মেয়রকে অভিনন্দন জানানো হয়েছে। মোসাদ্দেক হোসেন নাগরিক ফোরামের ব্যানারে সিটি করপোরেশন নির্বাচন করেছিলেন।
এই বিজ্ঞাপনে বলা হয়েছে, মেয়র মোসাদ্দেক হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী বাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা ১২৭ কোটি টাকা ব্যয়ে কল্পনা হল হতে তালাইমারী পর্যন্ত চার লেনের রাস্তাটি একনেকে অনুমোদন হয়েছে। এ জন্য মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাসহ সিটি করপোরেশনের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।
জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, প্রকল্পটি ২০১২ সালে প্রস্তাবিত। আগামী জুনে শুরু হয়ে ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হতে পারে। ভূমি অধিগ্রহণের বিষয় আছে। তাই সময় লাগবে।