রাস্তার গাছ বিক্রি করে বঙ্গবন্ধুর নামে ক্লাব!
যশোরের কেশবপুর উপজেলার বগা গ্রামে রাস্তার গাছ বিক্রি করে খাসজমিতে বঙ্গবন্ধু আদর্শ ক্লাব তৈরির অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন সম্প্রতি বগা-সাগরদাঁড়ি সড়কের সাতটি শিশুগাছ বিক্রি করেছেন। তিনি উপস্থিত থেকে এলাকার ছাত্রলীগ ও যুবলীগের কর্মী জিয়ারুল, সাঈদ, জাকির, ইউনুস, হেলাল, জাহাঙ্গীর, কিতাব আলী, শফি, ভ্যানচালক বক্কর ও ইলিয়াসকে দিয়ে গাছগুলো কাটান। পরে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে তা বিক্রি করেন। প্রতিটি গাছের মূল্য প্রায় সাত-আট হাজার টাকা। গাছ বিক্রির টাকা ও গাছের তক্তা দিয়েই বঙ্গবন্ধু আদর্শ ক্লাব তৈরি করা হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বগা-সাগরদাঁড়ি রাস্তার বাঁ পাশে ক্লাবঘরটি তৈরি করা হয়েছে। কাছেই রাস্তায় কাটা গাছগুলোর গোড়া সাক্ষী হিসেবে রয়েছে। আর গাছের কিছু অংশ ওই ক্লাবের পাটাতনের তক্তা হিসেবে ব্যবহার করা হয়েছে। ওপরে টিনের চাল ও চারপাশে বাঁশের বেড়া দিয়ে ক্লাবঘরটি তৈরি করা হয়েছে। এলাকার কৃষক রবিউল ইসলাম জানান, সোহরাবের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল গাছগুলো কেটে আমার লাগানো হলুদের উপরে ফেলে রেখেছিলো।এলাকার বিষ্টু কর্মকার বলেন, ‘আমি এই জায়গায় দীর্ঘদিন ধরে ফসল ফলাতাম। আমাকে না জানিয়ে এই জমিতে ক্লাবটি তৈরি করা হয়েছে।’ মুক্তিযোদ্ধা তৌহিদ জানান, তিনি চিংড়া পুলিশ ফাঁড়িতে গাছ কাটার খবর দিয়েছেন।সোহরাব হোসেন বলেন, ‘১৯৯৭ সালে তৈরি বঙ্গবন্ধু ক্লাবের কোনো নির্ধারিত জায়গা ছিল না। আর সেখানে মাত্র দুটি গাছ কাটা হয়েছে। তবে গাছ কাটার সময় আমি উপস্থিত ছিলাম না।’বগা গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা-বিষয়ক সম্পাদক আবদুল মতলেব বলেন, রাস্তার গাছ চুরি করে বঙ্গবন্ধুর নামে ক্লাব করাটা কোনোভাবেই উচিত হয়নি। চিংড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ‘শুনেছি সোহরাব ২১ হাজার টাকায় গাছ বিক্রি করে ক্লাবে মাত্র দু-তিন হাজার টাকা দিয়ে বাকিটা নিজেই রেখে দিয়েছেন।’বিদ্যানন্দকাটি ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘গাছ কাটার বিষয়টি আমি জানি।’যশোর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জাভেদ আহম্মেদ বলেন, গাছগুলো জেলা পরিষদের। যারা গাছ কেটেছে, তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।