রাস্তার জন্য গাছ হত্যার আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের এই গাছগুলো কেটে বের করা হবে রাস্তার জায়গা। সম্প্রতি তোলা  ছবি: প্রথম আলো
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের এই গাছগুলো কেটে বের করা হবে রাস্তার জায়গা। সম্প্রতি তোলা ছবি: প্রথম আলো

রাজশাহীতে ফল গবেষণা কেন্দ্র ও ধান গবেষণা ইনস্টিটিউটের শতাধিক গাছ হত্যা করে চার লেনবিশিষ্ট একটি সংযোগ সড়ক বানানো হচ্ছে। দুই বছর আগেই প্রকল্পটি একনেকে অনুমোদিত হয়েছে। ইতিমধ্যে বেসরকারি পর্যায়ে ভূমি অধিগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরের রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক থেকে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পটি ২০১১ সালের ২০ ডিসেম্বর একনেকে অনুমোদিত হয়। সাত দশমিক ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনবিশিষ্ট এই সড়কের ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ৯১ দশমিক ২১ লাখ টাকা। সড়কটি রাজশাহী-নওগাঁ প্রধান সড়কের আলিফ-লাম-মীম ভাটা হতে শুরু হয়ে ছোট বনগ্রাম উত্তরপাড়া, চকপাড়া, মেহেরচণ্ডি, বুধপাড়া, মোহনপুর হয়ে রাজশাহী-নাটোর প্রধান সড়কে শেষ হবে। সড়কটির জন্য ব্যক্তিগত মালিকানাধীন ভূমি অধিগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে।
অনুমোদিত অ্যালাইনমেন্ট অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল গবেষণা কেন্দ্রের শূন্য দশমিক ৮১৪৫ একর জমি অধিগ্রহণ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সাড়ে ছয় কাঠা জমি অধিগ্রহণ করতে হবে। তবে দুই প্রতিষ্ঠানের জমির মালিকানা অপরিবর্তিত রেখে রাস্তার কাজে ব্যবহারের জন্য প্রশাসনিক অনুমোদনের জন্য কৃষি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। পরপর দুই দফা চিঠি পাঠালেও মন্ত্রণালয় এখনো এই প্রস্তাবে সাড়া দেয়নি।
সড়কটির পূর্ব মাথা ফল গবেষণা কেন্দ্র ও ধান গবেষণা ইনস্টিটিউটের মাঝের বিদ্যমান বর্তমান সড়কে গিয়ে মিলিত হবে। এখানে এর প্রবেশমুখ পুরাতন সড়ক থেকে দুই পার্শ্বে প্রায় ৬০ ফুট করে চওড়া হবে। এ ছাড়া ফল গবেষণা কেন্দ্রের প্রাচীর বরাবর ২৭ ফুট করে জমি অধিগ্রহণ করার প্রয়োজন পড়বে। তবে ধান গবেষণা ইনস্টিটিউটের প্রবেশমুখে বেশি জমির প্রয়োজন পড়লেও মাঝামাঝি গিয়ে সীমানা-প্রাচীরের সঙ্গে সড়কের অ্যালাইনমেন্ট মিলে যাবে। তাদের হিসাবমতে ধান গবেষণার সাড়ে ছয় কাঠা জমি ব্যবহারের প্রশাসনিক অনুমোদন নিতে হবে।
ফল গবেষণা কেন্দ্রে গিয়ে দেখা যায়, রাস্তার প্রবেশমুখ প্রশস্ত করার কারণে রাস্তা কেন্দ্রের প্রধান গেট পর্যন্ত চলে আসবে। এতে করে তাদের ছাড়া করা জাতের আমগাছ চোষা, পাহুতান ও মল্লিকা, ছাড়ের অপেক্ষায় রয়েছে এমন জাতের আরও তিনটি আমগাছ, বোম্বাই ও বারি জাতের ২০টি বড় লিচুগাছ, ২০টি পেয়ারাগাছ, দুটি কাঁঠাল, একটি তেঁতুল, দুটি সফেদা ও বেশ কিছু নারিকেল ও সুপারিগাছ, ধান গবেষণার ১০টি বড় আমগাছ এবং দুই প্রতিষ্ঠানের মাঝের রাস্তার ৪০টি রেইনট্রি, কৃষ্ণচূড়া ও কদবেলগাছ কাটা পড়বে।
ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুল আলীম বলেন, ফল গবেষণাকেন্দ্রের জায়গা আরও বেশি হলে সুবিধা হতো। এখন যেটুকু ছিল তা থেকেও প্রায় এক একর রাস্তায় চলে যাচ্ছে। এতে করে তাঁদের গবেষণা বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, তাঁদের একটা ফলগাছের জাত ছাড় করতে দীর্ঘ সময়ের প্রয়োজন পড়ে। এই রাস্তা সম্প্রসারণের কারণে তাঁদের ছাড় করা গাছও কাটা পড়ছে।
ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আইনুল হক বলেন, জমির প্রশাসনিক অনুমোদনের জন্য তাদের দুবার সিটি করপোরেশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু মন্ত্রণালয় এখনো এর কোনো উত্তর দেয়নি। তিনি বলেন, আমগাছ তাঁদের গবেষণার বিষয় না হলেও তাঁদের সীমানা-প্রাচীর বরাবর সুন্দর সারি করে লাগানো অন্তত ১০টি বড় আমগাছ কাটা পড়বে।
রাজশাহীতে পরিবেশ আন্দোলনকারী প্রতিষ্ঠান শাহ কৃষিতথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ বলেন, গবেষণাপ্রতিষ্ঠানের জমি এবং দীর্ঘমেয়াদি গবেষণায় উদ্ভাবিত গাছ কেটে রাস্তা বানানো একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি বলেন, কৃষিই আমাদের ভিত্তি। আর কৃষির উন্নয়নের কাজে নিয়োজিত গবেষণাপ্রতিষ্ঠানের ক্ষতি না করে রাস্তার জন্য বিকল্প ভাবনা থাকা দরকার। তা ছাড়া গবেষণার জন্য নিরিবিলি পরিবেশের প্রয়োজন। অথচ দুই প্রতিষ্ঠানের ভেতর দিয়ে চার লেনবিশিষ্ট রাস্তা করা হচ্ছে। এতে গবেষণার কাজ বাধাগ্রস্তই হবে।
জানতে চাইলে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, নওগাঁ সড়ক থেকে পূর্বদিকে যাওয়ার জন্য বেশ প্রশস্ত একটি বাইপাস সড়ক রয়েছে। আবার নওদাপাড়া বাস টার্মিনাল থেকেও পদ্মা আবাসিক এলাকার ভেতর দিয়ে ভদ্রা পর্যন্ত আরেকটি বাইপাস সড়ক রয়েছে। একই উদ্দেশে চার লেনবিশিষ্ট এই সড়কটি আমাদের দরিদ্র দেশে সড়ক বিলাসিতা ছাড়া আর কিছু নয়। এই বিপুল পরিমাণ টাকা অন্য খাতে খরচ করলে রাজশাহীর মানুষের অনেক উপকার হতো।