রাস্তার জন্য প্রাণ গেল ১১ গাছের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তা সম্প্রসারণের জন্য গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। ছবিটি গতকাল রাজশাহী নগরের ফায়ার ব্রিগেড মোড় এলাকা থেকে তোলা ষ ছবি: প্রথম আলো
রাস্তা সম্প্রসারণের জন্য গাছগুলো কেটে ফেলে রাখা হয়েছে। ছবিটি গতকাল রাজশাহী নগরের ফায়ার ব্রিগেড মোড় এলাকা থেকে তোলা ষ ছবি: প্রথম আলো

রাজশাহী সিটি করপোরেশনের রাস্তা সম্প্রসারণের জন্য ১১টি গাছ কেটে ফেলা হয়েছে। গত কয়েক দিনে নগরের ফায়ার ব্রিগেড মোড় এলাকা থেকে গাছগুলো কাটা হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সম্প্রতি সিটি করপোরেশন নগরের ফায়ার ব্রিগেড মোড় থেকে পদ্মার তীর পর্যন্ত ২৫০ মিটার সড়ক সম্প্রসারণ করার উদ্যোগ নেয়। কিন্তু ওই এলাকায় ১১টি গাছ থাকায় এ কাজ করা যাচ্ছিল না। এ জন্য সিটি করপোরেশন গাছগুলো কেটে ফেলার উদ্যোগ নেয়। কিছুদিন আগে তারা সাতটি গাছ দরপত্রের মাধ্যমে দুই লাখ এক হাজার টাকায় বিক্রি করে। রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ গাছগুলো কিনে নেয়। এর মধ্যে বড় দুটি কড়ই, একটি কাঠবাদাম, একটি ইউক্যালিপটাস ও তিনটি পামগাছ রয়েছে। গাছগুলো গতকাল সোমবার কাটা হয়।
রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সদস্য ইমন জানান, তাঁরা দরপত্রের মাধ্যমে গাছ কিনেছেন। আগের গাছগুলো কারা কেটেছে তা তাঁরা জানেন না।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, গাছগুলোকে বাঁচিয়ে কোনো মতেই সড়ক সম্প্রসারণ করা যাচ্ছিল না। তার পরও তাঁরা বন বিভাগ থেকে গাছগুলোর মূল্য নির্ধারণ করে দরপত্র আহ্বান করে বিক্রি করে দিয়েছেন। চারটি গাছ পাড়ার তরুণদের দেওয়ার কথা স্বীকার করে তিনি জানান, গাছগুলোর কাঠের মান ভালো ছিল না। তা ছাড়া ওদের না দিয়ে সড়কের কাজ নির্বিঘ্নে করা যাচ্ছিল না।