রাস্তার জায়গায় মার্কেট উচ্ছেদে ব্যর্থ প্রশাসন
বগুড়ার ধুনটে রাস্তার জায়গায় অবৈধভাবে নির্মাণ করা মার্কেট উচ্ছেদ করতে পারছে না প্রশাসন। ১০ মাস আগে প্রশাসন অভিযান চালিয়ে মার্কেটের কয়েকটি দোকান ভেঙে দেয়। তখন মার্কেটের মালিক স্বেচ্ছায় মার্কেট সরিয়ে নেওয়ার আশ্বাস দিলে প্রশাসন তাঁকে তিন দিনের সময় দেয়। এরপর মার্কেটও সরানো হয়নি, উচ্ছেদ অভিযানও চালানো হয়নি। সরেজমিনে জানা যায়, ধুনট-জোড়শিমুল সড়কের আনারপুর গ্রামের কাছে পাকা রাস্তার পশ্চিম পাশের জায়গায় আলতাব আলী নামের স্থানীয় এক ব্যবসায়ী প্রায় এক বছর আগে ১৪টি আধা পাকা দোকানঘর নির্মাণ করেন। এতে ওই রাস্তা দিয়ে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন গত বছরের ৭ মে কয়েকটি দোকানঘর ভেঙে দেয়। তখন আলতাব আলী স্বেচ্ছায় মার্কেট সরিয়ে নেওয়ার আশ্বাস দিলে প্রশাসন তাঁকে তিন দিনের সময় বেঁধে দেয়। কিন্তু মার্কেটটি সরানো হয়নি।ওই অভিযানের নেতৃত্বে ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গণি। এর কয়েক দিন পরে তিনি বদলি হয়ে চলে যান। নতুন ইউএনও হিসেবে যোগদান করেন ফিরোজ শাহ। এরপর ১০ মাস চলে গেলেও অজ্ঞাত কারণে অবৈধ মার্কেট আর উচ্ছেদের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ সুযোগে মার্কেটের মালিক কয়েকটি ভেঙে দেওয়া দোকানঘর পুনরায় নির্মাণ করে ব্যবসা করছেন।উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) আবদুর রশিদ বলেন, মালিককে কয়েকবার উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল, তাতেও কোনো কাজ হয়নি।মার্কেটের মালিক আলতাব হোসেন বলেন, ‘সরকার আমার পৈতৃক সম্পত্তির মধ্য দিয়ে পাকা রাস্তা নির্মাণ করেছে। কাগজপত্রের সমস্যার কারণে সে সময় বাধা দিতে পারিনি। প্রশাসন কাগজ দেখে ভেঙে ফেলা মার্কেট পুনরায় নির্মাণ করার জন্য আমাকে মৌখিক অনুমতি দিয়েছে।’ইউএনও ফিরোজ শাহ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে এলজিইডির রাস্তার পাশে দোকানঘর তিনি দেখেছেন। ওই জায়গা দখলমুক্ত করার দায়িত্ব এলজিইডির। তারা অভিযোগ দিলে তিনি তাদের সহযোগিতা করবেন।