রাস্তার দাবিতে তীর-ধনুক নিয়ে সড়ক অবরোধ
রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় গতকাল রোববার সকালে স্থানীয় তিন শতাধিক আদিবাসী নারী-পুরুষ তীর-ধনুক নিয়ে এক ঘণ্টাব্যাপী রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর আদিবাসী পল্লির বাসিন্দারা সড়ক নির্মাণের দাবিতে এ কর্মসূচি পালন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে অবরোধ শুরু হলে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রিজবি আল হাসান, পবা থানার পুলিশ ও র্যাব-৫-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অবরোধ প্রত্যাহারে রাজি করাতে সক্ষম হন। গোপালপুর আদিবাসী পল্লির পলাশ সরেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিন মাস ধরে তাঁদের গ্রামে প্রবেশের একটি রাস্তার নির্মাণকাজ হচ্ছিল। রাস্তাটি তাঁদের পল্লির কাছাকাছি এলে স্থানীয় এক ব্যক্তি সেটি কেটে তাঁর জমির সঙ্গে মিশিয়ে নেন। এতে রাস্তার ওই অংশের কাজ বন্ধ রয়েছে। এ জন্য তাঁরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বাধ্য হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। চেয়ারম্যান বলেন, কয়েক দিনের মধ্যে এ সমস্যার সমাধান করে দেওয়ার আশ্বাস দেওয়ার পর আদিবাসীরা শান্ত হয়। আগামীকাল (আজ সোমবার) জমির মালিক দাবিদার ব্যক্তির সঙ্গে বসার কথা হয়েছে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, রাস্তা নির্মাণের দাবিতে আদিবাসীরা সড়ক অবরোধ করেছিল। এলজিইডির পবা উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, পবা উপজেলার আলীমগঞ্জ থেকে গোপালপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ চলছে। ৩০-৪০ বছর ধরে এই রাস্তাটি জনগণ ব্যবহার করছে। আগে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এই রাস্তার সংস্কারকাজ করেছেন। এবার তাঁরা রাস্তাটি পাকা করতে গিয়ে সমস্যায় পড়েছেন। স্থানীয় এক ব্যক্তি রাস্তার একটি জায়গা নিজের সম্পত্তি দাবি করে কেটে তাঁর জমির সঙ্গে নিয়েছেন। তিনি এ ব্যাপারে একটি মামলাও করেছেন। প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ওই কাটা অংশটি বাদ দিয়ে রাস্তার বাকি কাজ চলছে।