রাস্তার দুই পাশজুড়ে ইংরেজির দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান-১ এলাকায় জব্বার টাওয়ারের নামটি ইংরেজিতে লেখা। ওই ভবনে বাংলায় লেখা সাইনবোর্ড খুঁজে পাওয়া কঠিন l প্রথম আলো
গুলশান-১ এলাকায় জব্বার টাওয়ারের নামটি ইংরেজিতে লেখা। ওই ভবনে বাংলায় লেখা সাইনবোর্ড খুঁজে পাওয়া কঠিন l প্রথম আলো

ভাষা আন্দোলনের প্রতি অবজ্ঞা, বাংলা ভাষা আইন অমান্য ও উচ্চ আদালতের নির্দেশ অগ্রাহ্য করে রাজধানী ঢাকা শহরকে ইউরোপ-আমেরিকার মতো করে ফেলা হয়েছে। চোখ-ধাঁধানো ইংরেজিতে লেখা সাইনবোর্ডে ঢাকা পড়ে যাচ্ছে শহরের রাজপথ, বিপণিবিতান, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান। এমনকি বাংলা শব্দকে ইংরেজি হরফে তুলে ধরার অসংখ্য নজির আছে শহরজুড়ে।
গত বছরের ১৮ আগস্ট উচ্চ আদালত মন্তব্য করেন, ‘কোনো সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ইংরেজির স্থলে বাংলায় প্রতিস্থাপিত হইয়াছে বলিয়া দৃশ্যত দেখা যায় না, যাহা বাংলা ভাষা প্রচলন আইন, অত্র রুল ও আদেশের পরিপন্থী বলিয়া প্রতীয়মান হয়।’ এর আগে দেওয়া আদালতের রায় বাস্তবায়নের অগ্রগতি প্রসঙ্গে আদালত এই মত দেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলা ভাষা বাস্তবায়ন কোষের (বাবাকো) নির্দেশমালায় সব ধরনের প্রতিষ্ঠানের নামফলক, সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার বাংলায় লেখা নিশ্চিত করতে বলা হয়েছে। ঢাকার বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে দেখা যায়, বেসরকারি ভবন ও বিপণিবিতানগুলোর
সাইনবোর্ডে অ-রাষ্ট্রভাষায় পরিচয় তুলে ধরা হয়েছে। ইংরেজি বর্ণে, ইংরেজি বর্ণের বাংলা রূপে, অথবা বাংলা ও ইংরেজি মিশ্র ভাষায় লেখা এসব সাইনবোর্ড ব্যবহারের জন্য কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নজির নেই।
রাজধানীর কাকরাইল মোড়, বেইলি সড়ক, গুলশান ১ নম্বর, হাতিরপুল, কাঁটাবনসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অ-রাষ্ট্রভাষার চাপে বাংলা যেন কোণঠাসা হয়ে পড়েছে। কর্মক্ষেত্র, ব্যবসাপ্রতিষ্ঠান, উচ্চ আদালত ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সর্বত্রই বাংলার প্রতি অবজ্ঞা ও অবহেলার ভূরি ভূরি নজির রয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভাষাসৈনিক আহমদ রফিক প্রথম আলোকে বলেন, বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে অসম্ভব অবনতি হয়েছে। পঞ্চাশ ও ষাটের দশকেও সড়কের নাম বাংলায় লেখা হতো। ছেলেমেয়ের নাম ও ব্যবসাপ্রতিষ্ঠানের পরিচয় বাংলা ছাড়া চিন্তাই করা যেত না। তিনি আরও বলেন, বাংলার ব্যবহার যেমন কমেছে, তেমনি বেড়েছে ভুল বাংলার ব্যবহার।
শহরের বিভিন্ন যানবাহন, সাইনবোর্ড ও স্থাপনায় ভুল বাংলা ব্যবহারের অসংখ্য নজির রয়েছে। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে বাংলার শুদ্ধ ব্যবহার কিছুটা গুরুত্ব পেলেও মাঠ পর্যায়ে অবস্থা বেশ খারাপ।
জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা এবং জেলা প্রশাসকদের সর্বস্তরে বাংলা ব্যবহার করতে বারবার তাগিদ দেওয়া হয়। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে তা সন্তুষ্ট হওয়ার মতো নয়। তিনি আরও বলেন, বাবাকোর কর্মকাণ্ড আগের চেয়ে বেড়েছে, কিন্তু এটা আরও বাড়াতে হবে।

সরেজমিন বেইলি রোড: শান্তিনগর মোড় থেকে বেইলি রোডে ঢুকতে বাঁয়ে বড় বড় হরফে সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের নাম লেখা দেখে বাংলাপ্রেমীর মন জুড়িয়ে যাবে। কিন্তু তারপর থেকে সড়কের ডানে ও বাঁয়ে হঠাৎ বাংলা সাইনবোর্ডের দেখা মেলে। সড়কের ডান পাশে একটি বড় ভবনে দেখা যায়, গোল্ডেন ফুড, ক্যালিফোর্নিয়া ফ্রাইড চিকেন, রেড কোর্ট, হট কেক, ড্যাজলিং বিউটি পারলার, ওয়েসিস রেস্টুরেন্ট, জেন্টেলম্যান সেলুন, শর্মা হাউস, হেলভেটিয়া ফাস্ট ফুড ও বেইলি গার্ডেন রেস্টুরেন্টের সাইনবোর্ড। এসব সাইনবোর্ডের প্রায় সবই ইংরেজিতে লেখা।

ওই ভবন রেখে আরেকটু সামনে এগোলে একটি বড় বিপণিবিতানের নাম প্যাঁচানো ইংরেজি হরফে লেখা ‘নাভানা বেইলি স্টার’। বিপণিবিতানের বাইরে দাঁড়ালে দেখা যায়, তিনটি প্রতিষ্ঠানের নাম বাংলায় লেখা। এগুলো হচ্ছে সাদা কালো, চৈতি ও স্বপ্ন। বাকি সব নামই দাঁতভাঙা ইংরেজিতে লেখা। এগুলো হচ্ছে বুমারস ক্যাফে, মেনজ ক্লাব, অ্যারিয়ানস, স্টারডাস্ট, ওয়েস্টউড, স্টার ওয়ার্ল্ড, হ্যালো মাম ইত্যাদি।

আরেকটু সামনে এগোলে বিদ্যাভবন, ঠান্ডা গরম ও সাগর পাবলিশার্সের নাম বড় বড় বাংলা হরফে লেখা দেখে যে স্বস্তি তা মুহূর্তেই মিলিয়ে যায় চোখ একটু সামনে রাখলেই। সেখানে দেখা যায়, ইংরেজিতে লেখা সাইমা, জলি বি, বস সুইটস, লাকি ব্রেড অ্যান্ড কনফেকশনারিসহ বিভিন্ন সাইনবোর্ড।

এরপর শাড়ির দোকান, যেখানে কিছু নাম বাংলায় লেখা। এগুলো হচ্ছে টাঙ্গাইল, বৈশাখী, ঝলক, রমণী, স্মৃতি, বধুয়া প্রভৃতি। চমৎকার বাংলায় লেখা এসব সাইনবোর্ডের মাঝে মাঝে ইংরেজিতে লেখা সাইনবোর্ড অনন্যা ও নাভিলা। ভবনের ওপরে আইপিডি নামে একটি পাঞ্জাবির দোকানের পরিচয় লেখা আছে, ‘অ্যারিস্ট্রক্রেটিক অ্যান্ড ফাইনেস্ট পাঞ্জাবি কালেকশন’।

গুলশান ১ নম্বর মোড়ের হালচাল: গুলশান ১ নম্বর মোড়ে দাঁড়ালেই মনে হবে, এ যেন ভিনদেশের ব্যস্ত একটি এলাকা, যেখানে চারদিকে বাংলা নিখোঁজ ভাষা। ওই মোড়ে লাইটিং প্যালেস নামে একটি দোকানের চারটি সাইনবোর্ডের সব কটি ইংরেজিতে লেখা। যমুনা ব্যাংকের সাইনবোর্ডের ওপরে ইংরেজিতে ব্যাংকের নাম লেখা, নিচে বাংলায় লেখা। জনতা ব্যাংক ছাড়া বাংলায় লেখা সাইনবোর্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ক্ল্যাসিক লাইটিং, ফ্যাশন অপটিকস, ইনডেক্স গ্রুপ, বেঙ্গল এজেন্সিস, সনি র‍্যাংগস, ফিটনেস প্লাস জিম, এন আই টিসহ বিভিন্ন সাইনবোর্ড ইংরেজিতে লেখা রয়েছে।

পাশেই জব্বার টাওয়ারের নামটি ইংরেজিতে লেখা। ওই ভবনের সামনের সাইনবোর্ডগুলোতে বাংলা শব্দ খুঁজে পাওয়া যায়নি। শাইনপুকুর, মুন্নু সিরামিকস, প্যারাগন, ডায়মন্ড গ্যালাক্সি, জ্যোতি, খাজানা ফ্যাশন, অ্যাসুরেন্স গ্রুপ, আনান ফ্যাশন, বাংলালায়ন কাস্টমার কেয়ার সেন্টারসহ সাইনবোর্ডগুলো ইংরেজিতে লেখা।

টাইলসের দোকানে একচেটিয়া ইংরেজি: ঢাকার হাতিরপুল বাজার থেকে ইস্টার্ন প্লাজা হয়ে সোনারগাঁও রোড ধরে সুন্দরবন হোটেল পর্যন্ত কয়েক শ টাইলসের দোকান রয়েছে। ইংরেজি হরফে বড় করে লেখা আছে এসব দোকানের সাইনবোর্ড। বেশ কিছু সাইনবোর্ড আছে ইংরেজি বর্ণের বাংলা রূপে, আর কিছু আছে মিশ্র ভাষায়। প্রায় এক কিলোমিটার পথের মধ্যে সততা সম্ভার, পাথর মেলার মতো ১০-১২টি বাংলায় লেখা সাইনবোর্ড দেখা যায়।

বাংলার হালচাল: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে থাকা ৯১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টি ছাড়া সব বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজিতে রাখা হয়েছে। অন্যদিকে সরকারি ও স্বায়ত্তশাসিত ৩৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব কটি নামই বাংলায়।

ঢাকা কলেজের নামও বড় হরফে সুন্দর করে লেখা। এর নিচে অবশ্য ছোট করে ইংরেজিতে ঢাকা কলেজের নাম লেখা আছে। বলাকা সিনেমা হলের কাছে জুতার দোকানগুলোর বাংলা নামও ইংরেজিতে লেখা। সোনালী, জনতাসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বড় করে বাংলা সাইনবোর্ড লিখে নিচে বা পাশে তা ইংরেজিতে লেখা আছে। কিন্তু বেসরকারি ব্যাংকগুলোর নাম থেকে শুরু করে সবকিছুর ব্যবহারে ইংরেজি ভাষার দাপট এতটাই বেশি, যেন ভিনদেশিরাই এসব ব্যাংকের গ্রাহক।

ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক শিশির ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, রাষ্ট্রভাষা হতে হলে ভাষাটিকে সর্বস্তরের বিশেষ শিক্ষা, প্রশাসন, আদালত ও ব্যবসা-বাণিজ্যের একমাত্র ভাষা হয়ে উঠতে হবে। ফ্রান্স, জার্মানি বা জাপানে এমনকি সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও নরওয়েতে ভাষা ব্যবহারের ক্ষেত্রে রাষ্ট্রভাষার অধিকার একচেটিয়া। দ্বিতীয় কোনো ভাষাকে সেখানে রাষ্ট্রভাষার সঙ্গে প্রতিযোগিতা করতে দেওয়া হয় না। ওই অধ্যাপকের মতে, সবক্ষেত্রে বাংলা ব্যবহার না করলে বাংলা রাষ্ট্রভাষা হবে না এবং এর শক্তি বাড়বে না।