রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সিডিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের বায়েজিদ বোস্তামী সড়ক থেকে আরেফিন নগর পর্যন্ত সড়কের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। অভিযানে ১৪ ব্যক্তির কাছ থেকে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ ৪৩ হাজার টাকার বেশি আদায় করেছে সিডিএ।
গতকাল বুধবার এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু। এ সময় সিডিএর লুপ রোডের প্রকল্প পরিচালক রাজীব দাশসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিডিএ সূত্র জানায়, বায়েজিদ বোস্তামী সড়ক থেকে আরেফিন নগর পর্যন্ত রাস্তার দুই পাশে রিকশাস্ট্যান্ড, দোকানসহ বিভিন্ন ধরনের অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। অভিযানে আটজনকে ১৭ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ছয়জনের কাছ থেকে ২৬ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়।
খিন ওয়ান নু বলেন, লুপ রোড প্রকল্পের আওতায় ওই জমিগুলো অধিগ্রহণ করেছে সিডিএ। কিন্তু সেখানে অবৈধভাবে স্থাপনা গড়ে তোলায় তা ভেঙে দেওয়া হয়।