
চাইলেই এখন আর চট করে সিলেট শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব হয় না। বেশি ভাড়ার ‘লোভ’ দেখালেও রাজি হতে চান না রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। বৃষ্টির দিন হলে তো কথাই নেই।
কেন এমন অবস্থা তৈরি হয়েছে—সিএনজিচালিত অটোরিকশাচালক ইসমাইল হোসেন বলেন, ‘এই রাস্তায় আইলেই একটা না একটা অঘটন ঘটবই। বেশি টাকা না পাইলে এই রাস্তায় টিফ দিই না।’ গতকাল বৃহস্পতিবার নগরের হাউজিং স্টেট এলাকা থেকে মদীনা মার্কেট যেতে চাননি ইসমাইল হোসেন। অথচ ওই পথটুকুর দূরত্ব দেড় কিলোমিটারের বেশি হবে না।
ওই পথে যেতে রাজি করানো যায়নি রিকশাচালক খায়রুল মিয়াকে। তিনি বলেন, ‘যে মহল্লার রাস্তা খারাপ, সে দিক দিয়ে রিকশা চালাতে প্রচুর পরিশ্রমের দরকার হয়। তাই সচরাচর রিকশাচালকেরা ওই সব রাস্তা দিয়ে যায় না।’

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের ২৭ ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের বিভিন্ন মহল্লার রাস্তা সংস্কার চলছে। এর মধ্যে ১৭টি মহল্লার রাস্তায় পানির পাইপলাইন বসানোর পরিকল্পনা থাকায় সংস্কারকাজ কিছুটা ধীরগতিতে করা হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে রাস্তা ঢালাইয়ের কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।
নগরের আখালিয়া-নিহারীপাড়া সড়ক সংস্কারের কাজ শুরু হয় গত বছরের মার্চ মাসে। এক বছর পার হয়ে গেলেও রাস্তার মাত্র একাংশ পাকা হয়েছে। বাকি অংশের কাজ কবে নাগাদ শেষ হবে, খোদ সিটি করপোরেশনও তা বলতে পারছে না। ওই এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা তো ভাই বন্দী! রাস্তার কাম আর ফুরার নায় (শেষ হচ্ছে না)’।
নগরের নাইওরপুল-টিলাগড় সড়ক প্রসঙ্গে মীরাবাজার এলাকার বাসিন্দা পারভেজ মিয়া বলেন, এলাকার রেস্তোরাঁ-বাজার থেকে যা-ই কেনা হোক না কেন, খাওয়ার সময় কেবল কড়কড় করে।

দুই মাস আগে সিটি করপোরেশন কর্তৃপক্ষ কুইটুক এলাকায় ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’-এর জন্য পানির পাইপ বসাতে রাস্তা খোঁড়ে। এটি আর সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ আরও বেড়েছে। প্রায় ছয় মাস ধরে নগরের ১৭টি মহল্লার রাস্তার কাজ ধীরগতিতে চলছে।
বৃষ্টির কারণে এসব রাস্তায় চলাচল করতে গিয়ে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। বিষয়টি স্বীকার করছেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা। তাঁদের ভাষ্যমতে, বৃষ্টি হওয়ায় রাস্তার কাজ দ্রুত শেষ করা যাচ্ছে না। একই অবস্থা নগরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন গুরুত্বপূর্ণ সড়কগুলোর।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, পানির পাইপ বসাতে গিয়ে রাস্তার কাজ দ্রুত শেষ করা যাচ্ছে না। যেসব রাস্তায় পাইপ বসানো শেষ হয়েছে, সেখানে বৃষ্টির কারণে সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না।
সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, রাস্তা সংস্কার করলেই দেখা যায়, পানির পাইপলাইন নিতে গিয়ে নতুন রাস্তা খোঁড়া হয়। এ কারণে কোনো কোনো জায়গায় রাস্তার কাজ ধীরগতিতে হচ্ছে। তবে নাগরিক ভোগান্তি বিবেচনায় এসব কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।

এদিকে সওজের অধীন নগরের সড়কগুলোও খানাখন্দে ভরা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষ উদ্যোগী হয়ে খানাখন্দপূর্ণ জায়গায় লাছি পুঁতে তার মধ্যে লাল পতাকা সতর্কতার নির্দেশনা হিসেবে দিয়ে রেখেছেন।
সওজ সূত্র জানায়, আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত এবং চৌহাট্টা থেকে শাহজালাল উপশহর পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীন।
এই দুই সড়কসংলগ্ন এলাকার বাসিন্দারা বলেন, নাইওরপুল, মীরাবাজার, ফরহাদ খাঁ পুল, শিবগঞ্জ, সাদিপুর, টিলাগড় অংশে খানাখন্দের পরিমাণ বেশি। অন্যদিকে আম্বরখানা থেকে লাক্কাতোরা সড়কের আম্বরখানা, মজুমদারি, খাসদবির, বাদামবাগিচা, চৌখিদেখি, মালনীছড়া এলাকারও বেহাল অবস্থা।
সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত সওজের প্রকৌশল বিভাগ জানিয়েছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে এ দুটি সড়কের এমন হাল হয়েছে। তাৎক্ষণিকভাবে ইট-বালু ফেললেও বৃষ্টিতে তা টিকছে না।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ জানান, বিমানবন্দর সড়কে কাজ শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে এসব কাজ করা হচ্ছে।