রাস্তার ধসে বসতবাড়িতে ভাঙন

রাজশাহী নগরের সেখেরচক এলাকায় পদ্মা নদীর পাড়ঘেঁষা সড়কে ধসের কারণে ফাটল দেখা দিয়েছে সড়ক-সংলগ্ন বাড়িগুলোতে। তিনটি বাড়ির সীমানাপ্রাচীর একদম ভেঙে পড়েছে। ফাটল দেখা দিয়েছে আরও প্রায় ১০টি বাড়িতে। এ নিয়ে এলাকাবাসী চরম আতঙ্কের মধ্যে দিন পার করলেও কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এলাকার কালামের বাড়ি, ইদ্রিসের বাড়ি ও আলমগীরের বাড়ির সীমানাপ্রাচীর ধসে গেছে। এই তিন বাড়িতে প্রায় ৩৫-৪০ জন মানুষের বসবাস ছিল। তাঁরা সবাই বাড়ি ছেড়ে অন্যত্র বসবাস করছেন। আলমগীরের পাশে জুলেখার বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। তাঁর পাশে খোকনের বাড়ির প্রাচীরেও ফাটল।
গত ২৯ অক্টোবর ওই এলাকায় হঠাৎ ধস দেখা যায়। প্রায় ২০০ মিটার সড়কে ধস নেমে মূল সড়ক থেকে সাত ফুট নিচু হয়ে দেবে গেছে। সড়কের পাশের টাইলস বসানো ফুটপাত ও মাটিতেও দেখা দিয়েছে ফাটল। ধসের কারণে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। দুর্ঘটনা থেকে বাঁচতে এলাকাবাসী নিজ উদ্যোগে সড়কের দুই পাশে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. খোকন বলেন, ‘এই বাড়ির প্রাচীরগুলো তো ভেঙে গেছে। যেকোনো সময় তা ধসে রাস্তায় মিলিয়ে যাবে। সঙ্গে সঙ্গে আশপাশের বাড়িগুলোতে ফাটল ধরা পড়ছে। এলাকার মানুষ খুবই আতঙ্কে আছে। কিন্তু প্রশাসনের কেউ কিছু করছে না, সবাই খালি দেখে যায়।’
স্থানীয় এলাকাবাসী বলছেন, শহররক্ষা বাঁধের এই অংশের ব্লকগুলো সমানভাবে বসানো নয়। কোথাও নিচের দিকে ব্লক আছে, মাঝে নেই; কোথাও মাঝে আছে, ওপরে নেই। যাও আছে তাদের মধ্যে ফাঁকা জায়গা আছে। ফলে বন্যার পানিতে মাটি ধুয়ে গিয়ে এই অবস্থা হয়েছে। রাস্তা করার সময় সংশ্লিষ্টদের এ বিষয়ে বলা হলেও কেউ কর্ণপাত করেনি।
যে রাস্তাটি ধসে গেছে তা নির্মাণ করেছিল রাজশাহী সিটি করপোরেশন। তবে তারা এখন বলছে, নদীশাসনের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। নদীর ধারের এমন ধস দেখার দায়িত্বও তাদের। তারাই ব্যবস্থা নেবে।
পাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের সঙ্গে গতকাল যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। গত ৩০ অক্টোবর তিনি প্রথম আলোকে বলেছিলেন, ‘রাস্তাটি সিটি করপোরেশনের। আমরা বাঁধ নির্মাণের পর সিটি করপোরেশন রাস্তা করেছে। ফলে তারাই বিষয়টি দেখবে।’ তিনি বলেন, ‘তারপরও আমরা জায়গাটি পর্যবেক্ষণে রেখেছি। বাঁধে কোনো সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’