রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে নবজাতকটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।
গতকাল বিকেল পর্যন্ত ওই নবজাতকের মা-বাবার সন্ধান পাওয়া যায়নি। নিঃসন্তান এক দম্পতি শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।
হাসপাতালে গিয়ে ওই নবজাতকের পাশে থাকা স ম লাভলু নামে এক ব্যক্তির সঙ্গে কথা হয়। তিনি বলেন, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে তাঁর একটি দোকান আছে। সকালে তিনি দোকানের পেছনের দিকে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় নৈশপ্রহরী রেজাউল ও আনোয়ারা বেগম নামের এক নারীর সহায়তায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যান।
কুষ্টিয়া সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ আইয়ুব আলী বলেন, নবজাতকটি ছেলে। তার বয়স এক দিন হতে পারে। ওজন দুই পাউন্ড। তার ঠান্ডাজনিত সমস্যা হয়েছে। কিন্তু হাসপাতালের ইনকিউবেটরটি সচল না থাকায় শিশুটিকে উষ্ণ রাখা যাচ্ছে না।
খবর পেয়ে শিশুর দায়িত্ব নিতে ইচ্ছুক এক নারীকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান। দুজনে মিলে ওই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি ক্লিনিক নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ওই ক্লিনিক থেকে নবজাতককে ফেরত পাঠানো হয়। পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বেলা আড়াইটার দিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটির চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।
বিসিক শিল্পনগরী এলাকার কুমারগাড়া গ্রামের আলামিন মিয়া ও তাঁর স্ত্রী সুমি বেগম জানান, শিশুটি সুস্থ হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁরা শিশুটির দায়িত্ব নিতে চান।