রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদর থেকে পাইকপাড়া ইউনিয়নের সতং পর্যন্ত রাস্তার দুই পাশের বড় বড় গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েক মাসে ৩০টিরও বেশি গাছ কেটে নেওয়া হয়েছে।গত মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব গাছ মাটির প্রায় এক ফুট উঁচু থেকে কেটে নেওয়া হয়েছে।কাউছার মিয়া নামের এক পথচারী প্রথম আলোকে বলেন, গাছগুলোর বেশির ভাগই আকাশমণি। গাছগুলো কেটে সাবাড় করা হচ্ছে। দেখার কেউ নেই। প্রশাসনও কোনো ব্যবস্থা নেয় না।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)। সড়ক ও গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলজিইডিরই। কিন্তু প্রতিষ্ঠানটির কাউকে এখানে আসতে দেখা যায় না। এই সুযোগে দুর্বৃত্তরা গাছ কেটে নিচ্ছে।জোয়ার মাগুর উন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওয়াদুদ খান বলেন, গত সাপ্তাহে এক রাতে ছয়টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।দুর্বৃত্তদের গাছ কেটে নেওয়ার সত্যতা নিশ্চিত করে পাইকপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়াহেদ আলী বলেন, বিষয়টি নিয়ে আগামী উপজেলা সমন্বয় সভায় আলোচনা করা হবে।এলজিইডির চুনারুঘাট উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ গত শুক্রবার প্রথম আলোকে বলেন, পাঁচ মাস আগে দুর্বৃত্তরা এক রাতে তিনটি গাছ কেটে নিয়েছিল। ওই ঘটনায় তখন চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নতুন করে গাছ কেটে নেওয়ার তথ্য তাঁর কাছে নেই। এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে বলে তিনি জানান।