রাস্তার পাশের গাছের ডালপালা কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সংযোগ সড়কের দুই পাশের গাছের ডালপালা কেটে সাবাড় করে ফেলছে একশ্রেণীর মানুষ।স্থানীয় লোকজন জানান, অভাবের তাড়নায় অথবা অভ্যাসগত কারণেই রাস্তার দুই পাশের বিভিন্ন বনজ ও ফলদ গাছের শুকনো-কাঁচা ডালপালা, ক্ষেত্রবিশেষে গোটা গাছ কেটে রিকশা-ভ্যানে তুলে নিয়ে স্থানীয় করাতকলে অথবা ইটের ভাটায় কাঠ ক্রেতার কাছে বিক্রি করছে কিছু মানুষ। অথচ তাদের বাধা দেওয়ার কেউ নেই।পীরগঞ্জ-বীরগঞ্জ, পীরগঞ্জ-কাতিহার, পীরগঞ্জ-ঠাকুরগাঁও, পীরগঞ্জ-রাণীশংকৈল, পীরগঞ্জ-নাকাটিহাট, সেনগাঁও, পীরগঞ্জ-নসিবগঞ্জ-জাবরহাট-ফকিরগঞ্জ, জাবরহাট-বৈরচুনাসহ বিভিন্ন সড়কের দুই পাশের সরকারি গাছের ডালপালা কাটা চলছে বেশি। চন্দরিয়া-বৈরচুনা সড়কের দুই ধারের ১৪-১৫ বছর বয়সী সহস্রাধিক কাঁঠালগাছ বড় হয়ে উঠেছিল। সারা বছর ওই সব গাছের ডালপালা ও পাতা কাটা হচ্ছে বিনা বাধায়। এখন ওই সব গাছ কঙ্কালসার অবস্থায় টিকে আছে।ঠাকুরগাঁও জেলা পরিষদের মালিকানাধীন পীরগঞ্জ-সাগুনী, পীরগঞ্জ-রাণীশংকৈল, পীরগঞ্জ-ঠাকুরগাঁও, পীরগঞ্জ-কাতিহার, পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের পীরগঞ্জ উপজেলা অংশের রাস্তাসহ পীরগঞ্জ-ফকিরগঞ্জ, জাবরহাট, বৈরচুনা সড়কসহ বিভিন্ন সড়কের দুই পাশেও একই অবস্থা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এলজিইডি, বন বিভাগ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) নব্বইয়ের দশকে বিভিন্ন দফায় এসব সড়কে চারা রোপণ করে। ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত এসব সড়কে গাছ লাগায় বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ।বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ-২-এর (বিএমডিএ) পীরগঞ্জের সহকারী প্রকৌশলী মো. খায়রুল আলম জানান, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ পাঁচ-ছয় বছর আগে বিভিন্ন সড়কের দুই পাশে কয়েক হাজার বনজ বৃক্ষের চারা রোপণ করে সেগুলো বাঁশের খুঁটির সাহায্যে খাড়া করে রাখার ব্যবস্থা করে। কয়েক বছরে গাছ বেড়ে উঠলেও এসব গাছের অধিকাংশই নেই।ঠাকুরগাঁও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়ন্ত কুমার শিকদার জানান, রাস্তার দুই পাশের গাছগুলো জেলা পরিষদের সম্পদ হলেও এগুলো দেখাশোনার জন্য কোনো লোকবল নেই। ফলে গাছের দেখাশোনা বা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।