রাস্তার পাশের জায়গা ইজারা দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নাগরিক জীবনে স্বস্তি দেওয়ার জন্য রাস্তার পাশের খালি জায়গার সৌন্দর্য বাড়ানো হচ্ছে। এসব স্থান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যবহারের জন্য ইজারা দেওয়া হবে না। এসব স্থানে গাছ লাগানো হবে এবং জনগণের বসার সুযোগ সৃষ্টি করা হবে। সিটি করপোরেশন গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে এসব কাজ করবে।

আজ বৃহস্পতিবার হাতিরঝিল প্রকল্পের গুলশান-বাড্ডা লিংক রোডে হাতিরঝিল-গুলশান লেকের সংযোগস্থলে নির্মিত সেতুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।
প্রায় ৯৩ মিটার দীর্ঘ এই সেতু নির্মাণে সাত কোটি টাকা ব্যয় হয়েছে। এ সেতু নির্মাণের ফলে মেরুল বাড্ডার সঙ্গে হাতিরঝিলের সরাসরি যোগাযোগ এবং গুলশান লেকের ওয়াকওয়ের সঙ্গেও সংযোগ স্থাপিত হলো। এর ফলে বাড্ডা ও গুলশান এলাকার ট্রাফিক জ্যাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে গণপূর্ত মন্ত্রী বলেন, গুলশান লেকের ওপর সাত-আটটি সেতু নির্মাণ করা হবে। এর ফলে জনসাধারণ সহজেই এপার থেকে ওপার চলাফেরা করতে পারবে। এ ছাড়া সৌন্দর্যবর্ধন ও প্রকৃত লেক হিসেবে গড়ে তুলতে গুলশান লেক খনন ও এর সংস্কার কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ঢাকাকে স্বস্তিদায়ক করে তুলতে সিটি করপোরেশন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের সদিচ্ছা রয়েছে, ঢাকাকে সুন্দর করে গড়ে তুলতে। সরকারের সহযোগিতায় উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় গড়ে তুলে কাজ করছে।
অনুষ্ঠানে হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ উপস্থিত ছিলেন।