রাস্তার পাশের মরা গাছ পথচারীর মরণফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলার কয়েকটি সড়ক ও মহাসড়কের দুই পাশে লাগানো কয়েক শ গাছে মড়ক লেগেছে। একটু ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ায় মরা গাছগুলো ভেঙে ও উপড়ে পড়ছে। গাছের নিচে চাপা পড়ে দুর্ঘটনার স্বীকার হয় পথচারীরা। এর পরও এসব মরা গাছ অপসারণের উদ্যোগ নেই বনবিভাগের।সামাজিক বনবিভাগ, কালাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ বিন ইসলাম বলেন, ‘বৈরাগীহাট-মাত্রাই সড়কের মরা গাছ ঝুঁকিপূর্ণ, এটা বনবিভাগও স্বীকার করছে। এ সড়কের গাছ বিক্রির জন্য সমপ্রতি বনবিভাগ থেকে দরপত্র আহ্বান করা হয়। কিন্তু দরপত্রে কেউ অংশ না নেওয়ায় গাছগুলো নিলাম দেওয়া যায়নি। আর জয়পুরহাট-ঢাকা মহাসড়কে কিছু শিশুগাছ মরে গেছে। আমি এখানে যোগদানের আগে মরা গাছ ভেঙে দুজনের প্রাণহানি ঘটেছে বলে শুনেছি। এর পরই কিছু মরা গাছ অপসারণ করা হয়। এ মহাসড়কে একাধিক সংস্থা গাছ লাগিয়েছে। মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় বনবিভাগের দরপত্র-প্রক্রিয়া আটকে গেছে।’সরেজমিনে দেখা গেছে, উপজেলার কালাই-মাত্রাই সড়কের বৈরাগীহাট থেকে মাত্রাই পর্যন্ত সড়কের দুই পাশের সিংহভাগ গাছই মরে গেছে। এ ছাড়া জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই থেকে পুনট বাঁশের সেতু পর্যন্ত কয়েক কিলোমিটারজুড়ে লাগানো বেশকিছু গাছ মরে গেছে। মোলামগাড়ি-ক্ষেতলাল রাস্তার দুই পাশে মরেছে অনেক বড় বড় গাছ। এর মধ্যে রয়েছে শিশু, রেইনট্রি ও আমগাছ। মরা এসব গাছের গোড়া খেয়ে সাবাড় করেছে উইপোকা। কোনো কোনো গাছের গোড়ার শিকড় পচে গেছে। ফলে একটু ঝড়-বৃষ্টি বা দমকা বাতাসেই গাছগুলো ভেঙে বা উপড়ে পড়ছে।জানা যায়, কালাইয়ের বৈরাগীহাট-মাত্রাই এলজিইডি সড়কের দুই পাশে প্রায় দেড় দশক আগে কয়েক হাজার গাছ লাগিয়েছিল বনবিভাগ। এসব গাছের সিংহভাগই মরে গেছে। মাত্রাই বাজারের ব্যবসায়ী মাহবুবুল আলম জানান, ঝড়ের মৌসুম শুরু হয়েছে। সামনে বর্ষা। এ সড়কে যাতায়াত করতে হবে এখন প্রাণ হাতে নিয়ে। এ পর্যন্ত মরা গাছের নিচে পড়ে অনেকেই আহত হয়েছে।মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন জানান, মরা গাছগুলো অপসারণের উদ্যোগ না নেওয়ায় তা রাতের আঁধারে লোপাট হচ্ছে।উলিপুর গ্রামের বাসিন্দা মোজাহেদুল ইসলাম জানান, সমপ্রতি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এলাকা পরিদর্শনে এলে স্থানীয়রা সড়কের মরা গাছগুলো অপসারণের অনুরোধ জানান। এর পরও সমস্যার সমাধান হয়নি।উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগের শস্য সংরক্ষণ ও উদ্ভিদ তত্ত্ব কর্মকর্তা মোজাফ্ফর রহমান জানান, রাস্তার পাশের শিশুগাছ মরে গেছে শিকড়পচা (রুট রেট) রোগে। স্থানীয় আবহাওয়ার সঙ্গে খাপ না খাওয়ায় এসব গাছ মরে যাচ্ছে বলে মনে হচ্ছে।