রাস্তার ফটকে তালা, আদিবাসীরা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জির (গ্রাম) আদিবাসী খাসিয়াদের রাস্তায় চলাচলে পার্শ্ববর্তী ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে দুই দিন ধরে আদিবাসীরা দুর্ভোগে পড়েছেন।
পুঞ্জির লোকজন জানান, কুলাউড়া-সাগরনাল পাকা সড়কের সঙ্গে যুক্ত একটি সরকারি কাঁচা রাস্তা দিয়ে ঝিমাই বাগান ও ঝিমাই পুঞ্জির লোকজন চলাচল করেন। গত শনিবার সকালে বাগানের লোকজন ওই রাস্তার মাঝখানে স্থাপিত লোহার ফটকে তালা ঝুলিয়ে দেন। এ ছাড়া বাগানে নিয়োজিত ১০-১২ জন লোক সেখানে পাহারা বসান। তাঁরা পুঞ্জির লোকজনকে ওই রাস্তা দিয়ে চলাচলে নিষেধ করেন।
পুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) রানা সুরং গতকাল রোববার বিকেলে মুঠোফোনে বলেন, ‘দুই দিন ধরে আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। পুঞ্জি থেকে কোনো লোক বেরোতে পারছে না। ছেলেমেয়েরা উপজেলা সদরের স্কুল-কলেজে যেতে পারছে না। পানের পাইকারেরা (খাসিয়াদের প্রধান জীবিকা পান চাষ) পুঞ্জিতে ঢুকতে পারছেন না। গেট থেকে তাঁদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তাটি সরকারি। অথচ বাগানের পক্ষ থেকে কী কারণে আমাদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না।’
রানা সুরং জানান, তাঁদের সঙ্গে ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধ মেটাতে ১৫ এপ্রিল আদিবাসী লোকজন, চা-বাগান কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা ঝিমাই পুঞ্জির ৭২টি খাসিয়া পরিবারের প্রতিটিকে চুক্তিপত্রের মাধ্যমে দুই একর করে জমি বন্দোবস্ত দেওয়ার প্রস্তাব দেন। এ সময় আদিবাসীদের পক্ষ থেকে তিন একর করে জমি ও চুক্তিপত্রটি সরকারিভাবে করার দাবি জানানো হয়। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা এ ব্যাপারে রাজি না হওয়ায় সমঝোতা ছাড়াই বৈঠকটি শেষ হয়।
রাস্তা বন্ধের ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে ঝিমাই চা-বাগানের ব্যবস্থাপক জাকির হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মুঠোফোনে বলেন, ‘ঝিমাই পুঞ্জির লোকজনকে চলাচলে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। কয়েক দিন ধরে আমি অসুস্থ। ইউএনওর সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান জানান, রাস্তা বন্ধের ব্যাপারে তাঁর কাছে কেউ অভিযোগ করেনি। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
১৬ এপ্রিল প্রথম আলোয় ‘কুলাউড়ার ঝিমাই পুঞ্জি, ভূমি বন্দোবস্তের প্রস্তাব প্রত্যাখ্যান আদিবাসীদের’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়।