রাস্তার মোড়ে মোড়ে ইলিশ কেনাবেচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট হলেও দীর্ঘদিন পরে রাজশাহীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে। জেলার চারঘাট, পবা, গোদাগাড়ী ও বাঘায় জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। এই ইলিশ ছোট ছোট পাত্রে রাস্তার মোড়ে মোড়ে বিক্রি করতেও দেখা যাচ্ছে।
পরিবেশবাদী সংগঠন হেরিটেজ রাজশাহীর প্রতিষ্ঠাতা ও নদী গবেষক মাহাবুব সিদ্দিকী প্রথম আলোকে বলেন, দেশ স্বাধীন হওয়ার ১০ বছর পরেও রাজশাহীতে পদ্মার ইলিশ বেশ ধরা পড়েছে। এরপর ধীরে ধীরে রাজশাহী থেকে পদ্মার ইলিশ হারিয়ে গেছে। অনেক বছর পর এখন ইলিশ ফিরছে বলে তিনি শুনেছেন।
গতকাল রোববার সকালে জেলার চারঘাটের সরদহ বাজারের চারটি আড়তে ইলিশ পাইকারিভাবে কেনাবেচা করতে দেখা যায়। ১০-১২টির এক কেজি মাছের দাম ১৭৫ টাকা। খুচরা বাজারে ২০০ থেকে ২৫০ টাকা। কিছু মাছ চারটি এক কেজি হচ্ছে। এগুলো খুচরা বাজারে ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সরদহ বাজারে ছবি তুলতে গেলে ব্যবসায়ীরা দ্রুত পলিথিন দিয়ে ইলিশ ঢেকে ফেলেন। জাটকা ইলিশ ধরা বেআইনি মনে করে তাঁরা কেউ কথা বলতে রাজি হননি।
আড়তদার সাধন কুমার সামনে এসে নিজের পরিচয় দিয়ে বলেন, অনেক দিন পর পদ্মায় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। জেলেরা ধরে তাঁদের আড়তে নিয়ে আসছেন। কোনো সমস্যা থাকলে খোলাখুলি বলেন। কোনো সমস্যা নেই বললেও তাঁরা ছবি তুলতে দিতে চাননি।
চারঘাটে বড়াল নদের সেতুর পাশে খুচরা ইলিশ বিক্রি করছিলেন ব্যবসায়ী নাজিম উদ্দিন (৫০)। তিনি বলেন, সরদহ, চারঘাট, মুক্তারপুর এবং বাঘার মীরগঞ্জ এলাকায় অন্তত ১০টি মাছের আড়ত রয়েছে। এসব বাজারে প্রতিদিন ন্যূনতম ১০ মণ ইলিশ বেচাকেনা হচ্ছে।