রাস্তার সংস্কারকাজ নিম্নমানের হওয়ায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া-মহাজন সড়কের চলমান সংস্কারকাজ নিম্নমানের হওয়ার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) উদ্যোগে উপজেলা সদরের লক্ষ্মীপাশা চৌরাস্তায় গতকাল সোমবার এ কর্মসূচি পালন করা হয়।
নিসচার নড়াইল জেলা শাখার সভাপতি সৈয়দ খায়রুল আলমের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, লক্ষ্মীপাশা বণিক সমিতির সাধারণ সম্পাদক বি এম লিয়াকত হোসেন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. খায়রুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে রাস্তা সংস্কারের জন্য। এরপরও গর্ত ভরাটে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। পুরু কম করে পিচঢালাই করা হচ্ছে। বিটুমিনের পরিমাণও কম। এভাবে সড়ক তৈরি করা হলে অল্পদিনেই সড়ক বেহাল হয়ে যাবে। সরকারের এত টাকা ব্যয় করলেও জনদুর্ভোগ কমবে না।
নড়াইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিংহ বলেন, লোহাগড়া-মহাজন সড়কের ১৩ কিলোমিটার এবং লোহাগড়া-নোহাটা-কালিশংকরপুর সড়কের ১০ দশমিক ৪৫ কিলোমিটার কার্পেটিং করার জন্য ৬ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গত ২৪ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষের মেয়াদ আগামী ২৬ জুন। বাগেরহাটের ঠিকাদারি প্রতিষ্ঠান মুজাহার এন্টারপ্রাইজ এ কাজের দায়িত্ব পায়।
সুমন সিংহ আরও জানান, ৪০ মিলিমিটার পুরু করে কার্পেটিং হওয়ার কথা। এর ওপরে ১২ মিলিমিটার পুরু করে পিচঢালাই দেওয়ার কার্যাদেশ রয়েছে। বড় গর্ত ১ নম্বর ইটের খোয়া ও বালু দিয়ে এবং ছোট গর্ত বিটুমিন ও পাথর দিয়ে ভরাট করার কথা। এ ছাড়া পিচঢালাইয়ের দুই পাশে মাটি দিয়ে ভরাট করতে হবে।
ঠিকাদারের প্রতিনিধি ও এ কাজের তত্ত্বাবধায়ক সৈয়দ সিরাজুল ইসলাম বলেন, ‘কাজ ভালো করার চেষ্টা করা হচ্ছে।’