রাস্তায় অবাধ চলাচল বন্ধ মেরামতকারীরা বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নম্বরবিহীন মোটরসাইকেল আটক অভিযান শুরুর পর থেকে রাস্তায় মোটরসাইকেলের অবাধ চলাচল বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল চলাচল কমে যাওয়ায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় মোটরসাইকেল গ্যারেজের মেরামতকারীরা বেকার হয়ে পড়েছেন।
এসব গ্যারেজে কর্মরত কিশোর মিস্ত্রিদের অভিযোগ, মোটরসাইকেল কেনার সময়ই নিবন্ধন বাধ্যতামূলক করা হলে তাদের এ ধরনের সমস্যায় পড়তে হতো না।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘সরকারি নির্দেশে নম্বরবিহীন মোটরসাইকেল আটকের অভিযান ১৫ জুলাই শুরু হয়েছে। এরই মধ্যে ১৩২টি মোটরসাইকেল আটক করা হয়। বেশ কয়েকটি মামলাও হয়েছে। ইতিমধ্যে ১১৪টি মোটরসাইকেলের মালিকেরা নিবন্ধনের টাকা জমা দিয়ে নিয়ে গেছেন। মোটরসাইকেল কেনার সময় নিবন্ধনের টাকা জমা দিয়ে রাস্তায় চালানোর ব্যবস্থা করলে এ সমস্যা হতো না। শিগগিরই আবার অভিযান শুরু করা হবে।’
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জিয়াউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগে নিবন্ধনের জন্য প্রতি মাসে গড়ে ৪০০ আবেদন পড়ত। অভিযান শুরুর পর তা বেড়ে পাঁচ-ছয় গুণ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘মোটরসাইকেল কেনার সময়ই নিবন্ধন করার প্রজ্ঞাপন থাকলেও ডিলাররা মানতেন না। এ আইনটি যথাযথ করতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’
মোটরসাইকেল মেরামতের গ্যারেজ ও ব্যবসায়ী সূত্র জানায়, দুপচাঁচিয়ার সঙ্গে জয়পুরহাট ও বগুড়ার চার-পাঁচটি উপজেলার যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিন বিভিন্ন এলাকার মানুষের সমাগম ঘটে। এই উপজেলায় মোটরসাইকেল বেচাকেনার পাঁচজন ডিলার আছেন। উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড, মেইল বাসস্ট্যান্ড, সিও অফিস বাসস্ট্যান্ড, পুরাতন বাজার, বাজারদীঘি বাসস্ট্যান্ড, চৌমহনী বাজার, কামারপুকুর বাজার, আলতাফনগর বাজার, তালোড়া বাজার, জিয়ানগর বাজার, বেড়াগ্রামসহ বিভিন্ন হাটবাজারে মোটরসাইকেল মেরামতের ৪২টি গ্যারেজ রয়েছে। এসব গ্যারেজে দেড় শতাধিক মিস্ত্রি কাজ করে।
থানা বাসস্ট্যান্ডে অবস্থিত সেলিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপের মালিক সেলিম হোসেন বলেন, ‘আগে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে শেষ করা যেত না। দিনভর কমবেশি দুই শতাধিক মোটরসাইকেল মেরামত করা হতো এই গ্যারেজে। গ্যারেজে পাঁচজন ছেলে কাজ করে। প্রত্যেককে ৮০ থেকে ১০০ টাকা খোরাকি দেওয়া হয়। এক মাস যাবৎ তেমন কাজ নেই। বসে বসে আর কত দিন চলে।’
সিও অফিস বাসস্ট্যান্ডে অবস্থিত মেকার ছম্মাদ আলী বলেন, উপজেলার গ্রামগঞ্জে ঘরে ঘরে মোটরসাইকেল। পুলিশের অভিযানের পর রাস্তায় কোনো মোটরসাইকেল নেই। ব্যবসার অবস্থা খুবই খারাপ।
সেলিম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপে কর্মরত কিশোর শ্রমিক সুমন ও রাব্বি দুই ভাই। তারা বলে, ‘ক্লাস থ্রি পর্যন্ত পড়িছি। আব্বার অসুখ; কাম করতে পারে না। মা মানসের বাড়িত কাম কর্যা্ সংসার চালায়। পড়ার খরচ দিবার পারে না। তাই গ্যারেজত ল্যাগা দিছে। মালিকের খোরাকি আর কাম কর্যাি বকশিশ দিয়্যা দুই ভাই ২০০ ট্যাকার মতো কামাই করি। কামাই না থাকায় আব্বার ওষুধ কিনা যাচ্ছে না, তারপর আবার সংসার খরচ।’