রাস্তায় অসুস্থ হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ঢাকায় এসেছিলেন তাঁর মুক্তিযোদ্ধা সনদে গ্রামের নাম ভুল হওয়ায় তা সংশোধন করতে। গতকাল সোমবার দুপুরে এ জন্য তিনি সচিবালয়ের দিকে যাচ্ছিলেন। কিন্তু সচিবালয়ে প্রবেশের আগেই অসুস্থ হয়ে মারা যান তিনি।
মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে ফুটপাতে পড়ে থাকা অবস্থায় দেখেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ উদ্দিন। তিনি বলেন, সচিবালয়ের দিকে যাওয়ার সময় জাতীয় প্রেসক্লাবের পাশে হঠাৎ রাস্তার ওপর পড়ে যান মোহাম্মদ আলী। পথচারীরা তাঁকে ফুটপাতে নিয়ে এসে সেবা-শুশ্রূষাও করেন। কিন্তু ওই অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। তাঁর হাতে মুক্তিযোদ্ধা সনদে গ্রামের নাম পরিবর্তনের একটি আবেদনপত্র ছিল। খামের ওপর থাকা ঠিকানা ও মুঠোফোনের সূত্র ধরে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন তাঁর জামাতা আশরাফুল ইসলাম।
সুরুজ উদ্দিন জানান, আশরাফুল ইসলাম জানিয়েছেন, মোহাম্মদ আলীর ডায়াবেটিস ছিল। রক্তে গ্লুকোজের মাত্রা কমে কিংবা হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে বলে তাঁরা মনে করছেন। আশরাফুলের সঙ্গে কথা বলে বিনা ময়নাতদন্তে ওই মুক্তিযোদ্ধার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
আশরাফুল ইসলাম জানান, তাঁর শ্বশুর সুবেদার হিসেবে সেনাবাহিনী থেকে অবসর নেন। টাঙ্গাইলের সাবালিয়ায় তিনি থাকতেন। তাঁর মুক্তিযোদ্ধা সনদে গ্রামের নাম ভুল আসায় তিনি তা ঠিক করার উদ্যোগ নিয়েছিলেন। এ জন্যই ঢাকায় এসেছিলেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।