রাস্তায় যেখানে-সেখানে ময়লা ফেলা ও অবৈধ পার্কিংয়ের দায়ে চট্টগ্রাম নগরে ১৪ জনকে মোট ৬৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার নগরের মোমিন রোড ও চকবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযানের নেতৃত্ব দেন।
নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, কয়েক মাস ধরে যত্রতত্র ময়লা না ফেলা ও গাড়ি পার্কিং না করার জন্য প্রচারণা চালানো হয়েছে। এ বিষয়ে সচেতনতার জন্য পুরো নগরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। তখন সবাইকে সতর্ক করা হয়েছিল, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে এ বিষয়ে আইন প্রয়োগ করা হবে। ঘোষণা অনুযায়ী অভিযান চালানো হয়েছে এবং এখন থেকে এটি নিয়মিত চলবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, রাস্তা ও নালায় ময়লা ফেলার জন্য ১৩ জন দোকানদারকে ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বনিম্ন ৩ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। একজন অটোরিকশাচালককে অবৈধ পার্কিংয়ের জন্য এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।