রাস্তায় আমের বাজার, পথচারীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরের রেলস্টেশনের পাশে ব্যস্ততম সান্তাহার-নওগাঁ রাস্তা দখল করে বসানো হয়েছে আমের বাজার। অবৈধ এই আমের বাজার বসিয়েছে খোদ পৌরসভা।
অভিযোগ উঠেছে, রাস্তার ওপর বাজার বসানোর কারণে একদিকে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে যানজটের কারণে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। এলাকাবাসী এই অবৈধ বাজার উচ্ছেদের দাবি জানিয়ে এলেও পৌর কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করছে না৷ বরং বাজারের পরিধি আরও বাড়িয়ে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, রাস্তার ওপর প্রায় ৩০টি দোকানে আম নিয়ে ব্যবসায়ীরা বসে আছেন৷ পৌর কর্তৃপক্ষের তরফ থেকে বাজার এলাকা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে৷ রাতের জন্য বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।
এলাকার বাসিন্দা, দোকানদার, টেম্পোচালক, ভ্যানচালকসহ অন্তত ১৫ জনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর আমের মৌসুমে সান্তাহার শহরের ব্যস্ততম এই রাস্তায় আমের বাজার বসানো হয়। সান্তাহার স্টেশন রোড নামে পরিচিত এ রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক শ যানবাহন চলাচল করে। একই সঙ্গে এই রাস্তার পাশে রয়েছে সান্তাহার-নওগাঁ, সান্তাহার-তিলকপুর এবং সান্তাহার-রানীনগর রুটের অটোরিকশার স্ট্যান্ড। এ ছাড়া এ রাস্তার পশ্চিম পাশ থেকে ছেড়ে যায় ঢাকাগামী সব বাস। পৌরসভার পক্ষ থেকে এসব যানবাহনের জন্য কোনো বৈধ স্ট্যান্ড তৈরি করে না দেওয়ায় রাস্তাজুড়ে বিভিন্ন যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে থাকে৷
স্থানীয় হোটেল ব্যবসায়ী আনিসুর রহমান বলেন, প্রতিবছর তিন মাস এই বাজারের জন্য অসংখ্য যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ বিশেষ করে ট্রেন যখন আসে তখন যাত্রীরা প্রচণ্ড ভোগান্তিতে পড়ে৷
আম বাজারের দোকানদারেরা জানান, প্রতিদিন তাঁদের প্রতিটি দোকান থেকে পৌরসভাকে ২০ টাকা করে দিতে হয়৷ বড় দোকান থেকে আরও বেশি নেওয়া হয়৷
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার ঢাকাগামী বাস কাউন্টারের একাধিক এজেন্ট জানান, এমনিতেই শহরে যানজটের কারণে বাস ঢুকতে চায় না৷
সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কুদ্দুস পৌরসভার পক্ষ থেকে আম বাজার বসানোর কথা স্বীকার করে বলেন, মেয়রের সিদ্ধান্ত অনুযায়ী মাসে ১৫ হাজার টাকায় বাজারটি ইজারা দেওয়া হয়েছে। পৌরসভার কর্মচারীদের বেতন-ভাতার অর্থ জোগাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেয়র তোফাজ্জল হোসেন বলেন, মৌসুম শেষ হলে বাজারও থাকবে না৷ তবে ভবিষ্যতে অন্যত্র বাজার বসানোর চিন্তাভাবনা করা হবে৷