রাস্তায় যাতে ইফতার করতে না হয়, সে জন্য রাজধানীতে অতিরিক্ত পুলিশ নামানো হচ্ছে। পার্কিং সমস্যা ও যানজট নিরসনে মার্কেটগুলোতে ব্যবসায়ীরা এবং পরিবহন মালিক সমিতি বাসস্ট্যান্ডগুলোতে অতিরিক্ত কমিউনিটি পুলিশ নিয়োগ করবে। গতকাল মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে মহানগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক এ কথা বলেন। এ সময় রাজধানীর ৪১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, রমজান মাসে রাজধানীবাসীর সর্বোচ্চ নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেবে পুলিশ। চাঁদাবাজি ও ছিনতাই নিয়ন্ত্রণের জন্য নগরের প্রতিটি মোড়ে পুলিশি টহল বাড়ানো হবে। বাড়ানো হবে অতিরিক্ত চেকপোস্ট। এ জন্য ডিএমপির আটটি অপরাধপ্রবণ এলাকায় অতিরিক্ত ২০০ করে মোট এক হাজার ৬০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। শহীদুল হক বলেন, দীর্ঘদিন পর তো আবার লেন পদ্ধতি শুরু হয়েছে। রমজানকে মাথায় রেখে যানজট কমানোর জন্যই আবার লেন পদ্ধতি চালু করা হয়েছে। কমিশনার বলেন, মিরপুরের ব্যবসায়ীদের পরামর্শ অনুযায়ী ওই এলাকায় তিনটি মার্কেট নিয়ে একটি অঞ্চল করা হয়েছে। কমিশনার জানান, জুলাই মাসে খুনের ১৭টি, ডাকাতির ছয়টি, দস্যুতার ১৭টি ঘটনা ঘটেছে। এই সময়ে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে ৩২টি ও যৌতুকের মামলা ৪৫টি। জোরপূর্বক ও ফুসলিয়ে ধর্ষণের ১৭টি, অপহরণের ২৬টি, শিশু নির্যাতনের পাঁচটি ঘটনা ঘটেছে। বিভিন্ন ঘটনায় ১৬ জন পুলিশ আক্রান্ত হয়েছে। চুরির ১১৪টি ঘটনার মধ্যে গাড়ি চুরি হয়েছে ৪৮টি। অজ্ঞান পার্টির কবলে পড়েছে পাঁচজন। জুলাই মাসে অস্ত্র আইন, বিস্ফোরকদ্রব্য, মাদকদ্রব্য ও চোরাচালানের বিষয়ে মামলা হয়েছে ৯৯৩টি।