
রংপুর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে উন্নয়নকাজ চলছে। এসব এলাকায় নর্দমা ও রাস্তা নির্মাণ এবং সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু এই কাজে ধীরগতির কারণে দুর্ভোগে পড়েছে শহরবাসী।
উন্নয়নকাজের যন্ত্রপাতি, মালামাল ও নর্দমার জন্য খোঁড়া মাটি রাস্তার ওপর ফেলে রাখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এগুলো রাস্তায় পড়ে থাকায় মারাত্মক সমস্যা হচ্ছে যানবাহন চলাচলে।
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে ৮৭ কোটি টাকা ব্যয়ে শহরের বিভিন্ন এলাকায় ৩৬ কিলোমিটার নর্দমা ও ৩৯ কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়। কাজে ধীরগতির কারণে প্রায় ১৬-১৭টি পাড়া-মহল্লার মানুষকে চরম বিড়ম্বনায় মধ্যে পড়তে হচ্ছে। এই এলাকাগুলো হলো ঠিকাদারপাড়া, আলমনগর, বাবুপাড়া, তাজহাট, রবার্টসনগঞ্জ, মণ্ডলপাড়া, নূরপুর, গুপ্তপাড়া, কামালকাছনা, বৈরাগীপাড়া, শালবন, শালবন মিস্ত্রিপাড়া, দখিগঞ্জ, খাসবাগ, মাহিগঞ্জ ও বালাপাড়া।
সরেজমিনে দেখা গেছে, শাপলা চত্বর থেকে রেলওয়ে স্টেশন ও বাবুপাড়া রেলগেট পর্যন্ত রাস্তাটিতে চলাচল করা কষ্টকর হয়ে উঠেছে। রেলওয়ে স্টেশন রোডের ঠিকাদারপাড়ায় নর্দমা নির্মাণের কাজ শেষ হয়েছে। নর্দমার ওপর ঢাকনাও বসানো হয়েছে। কিন্তু রাস্তার অধিকাংশ এলাকাজুড়ে এখনো পড়ে আছে মাটি, বালু, পাথর ও কাঠ। এসব সরানোর উদ্যোগ নেই। ফলে পুরো রাস্তা হয়েছে অনেক সংকুচিত। এলাকাটি বাণিজ্যিক হওয়ায় সব সময় ট্রাকসহ অন্যান্য যান চলাচল করে। কিন্তু বর্তমানে এগুলোর চলাচলে খুব সমস্যা হচ্ছে।
ঠিকাদারপাড়ার টপ মেটাল দোকানের স্বত্বাধিকারী এনামুল হক বলেন, বেশ কিছুদিন ধরে নর্দমার মাটিসহ অন্যান্য মালামাল রাস্তার ওপর ফেলে রাখা আছে। এতে তাঁদের ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। কাজে ধীরগতির কারণে সবাই পড়েছেন ভোগান্তিতে।
একই অভিযোগ করেন কোরবান এন্টারপ্রাইজের মালিক কোরবান আলী, মা এন্টারপ্রাইজের নূর মোহাম্মদ, তুহিন ডেকোরেটরের শহিদুল আনামসহ আরও কয়েকজন।
বাবুপাড়ায় সংস্কারের জন্য অর্ধেক রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। ফলে রাস্তা হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় খানাখন্দে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় ব্যবসায়ী কামরান হোসেন বলেন, ‘১৫ দিনের বেশি সময় হলো রাস্তা খুঁড়ে রাখা হয়েছে। দিনের বেলা রাস্তার মধ্যে কোনো রকমে চলাচল করা গেলেও রাতে খুব অসুবিধা হয়। বিদ্যুৎ চলে গেলে চলাই যায় না।’
শাপলা-তাজহাট-রেলওয়ে স্টেশন রাস্তাটির আরও অনেক স্থানে একই ধরনের সমস্যা দেখা গেছে।
জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত রাস্তার খাসবাগ এলাকায় দেখা গেছে, নর্দমা নির্মাণের মালামাল রাস্তার বড় অংশজুড়ে পড়ে আছে। নির্মাণকাজের প্রস্তুতি থাকলেও প্রায় দুই সপ্তাহ ধরে কাজ বন্ধ রয়েছে বলে এলাকাবাসী জানান।
একই ধরনের চিত্র দেখা যায় দখিগঞ্জ, কামালকাছনার বাজার ও বৈরাগিপাড়ার মোড়েও। দখিগঞ্জের ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, কয়েক মাস হলো কাজ শুরু হয়েছে। কিন্তু শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। রাস্তার কাজ শেষ হতে দেরি হওয়ায় শুধু চলাচলে কষ্ট হচ্ছে তা নয়, ব্যবসা-বাণিজ্যেও সমস্যা দেখা দিয়েছে। কেননা ভারী যানবাহন চলাচল করতে পারে না।
শহরের নূরপুর রাস্তারও বেহাল দশা। এখানে নর্দমা নির্মাণ হলেও ঢাকনা বসানো হয়নি। সেই সঙ্গে রাস্তার মধ্যে মাটি, বালু ও পাথর পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দা শান্ত রহমান বলেন, ঘর থেকে বের হলেই ঢাকনাবিহীন বিরাট নর্দমা। এ অবস্থা প্রায় তিন মাস ধরে চলছে।
আগামী ডিসেম্বরের মধ্যে এই নির্মাণ ও সংস্কারকাজ শেষ হওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব নয় বলে সিটি করপোরেশনের একজন কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
তবে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে কাজের গতি কিছুটা কমে গেছে। তবে ডিসেম্বরের মধ্যে এসব কাজ শেষ করা যাবে বলে আশা করা যায়। তিনি বলেন, একই সঙ্গে নর্দমা ও রাস্তার কাজ শুরু হওয়ায় মানুষের দুর্ভোগ হয়েছে।