
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এখনো রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যানার, পোস্টার, দেয়াললিখন, তোরণ ও বিলবোর্ড চোখে পড়ে। যদিও গত ২৩ আগস্ট হাইকোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে ডিএনসিসি বলছে, অননুমোদিত অপসারণের কার্যক্রম ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
চার বছর আগে হাইকোর্ট এক আদেশে ব্যক্তিগত ও পাবলিক স্থাপনায় অবৈধ ও বেআইনিভাবে স্থাপিত হোল্ডিং, পোস্টার, ব্যানার, দেয়াললিখনসহ সব প্রচারণা উপকরণ অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনকে সময় দেওয়া হয়। ওই আদেশের পরিপ্রেক্ষিতে গত ১৪ আগস্ট হাইকোর্ট আরেক আদেশে ঢাকার দুই সিটি করপোরেশন অননুমোদিত পোস্টার, ব্যানার, তোরণ, দেয়াললিখন ও প্রচারণার অন্যান্য উপকরণ অপসারণে কোনো পদক্ষেপ নিয়েছিল কি না, তা জানতে চান। দুই সিটি করপোরেশন গত ২৩ আগস্ট এ বিষয়ে বাস্তবায়নের প্রতিবেদন জমা দিয়েছে।
ডিএনসিসির ওই প্রতিবেদনে বলা হয়, ২১ আগস্ট পর্যন্ত অননুমোদিত বিলবোর্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, তোরণ ও দেয়াললিখন অপসারণের কার্যক্রম ৯০ শতাংশ বাস্তবায়ন হয়েছে। তাদের এলাকায় এসব প্রচারণা উপকরণ অপসারণ চলমান একটি প্রক্রিয়া।
এ বিষয়ে মেয়র আনিসুল হক বলেন, গত এক বছরে প্রায় ২০ হাজার বিলবোর্ড এবং ৭০ হাজার ব্যানার-ফেস্টুন উচ্ছেদ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশের পর সিটি করপোরেশনের অবস্থান আরও কঠোর হয়েছে। এখনো যেসব রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যানার-ফেস্টুন আছে, সেগুলো স্বেচ্ছায় সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শুক্রবার মিরপুর, শ্যামলী, দারুসসালাম, কল্যাণপুর, মোহাম্মদপুর, আগারগাঁও এলাকা ঘুরে দেখা যায়, সড়কে বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়েছে। সড়কের দুপাশজুড়ে বিশাল তোরণগুলো নির্মাণ করতে পাঁচটি খুঁটি ব্যবহার করা হয়েছে। যার মধ্যে দুটি খুঁটি সড়কের মাঝামাঝি পড়ায় সড়কের প্রস্থ কমে গিয়ে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এসব তোরণের বেশির ভাগই সড়কে স্থায়ী রূপ নিয়েছে। বিভিন্ন উপলক্ষে শুধু লেখা-ব্যানার বদলে যায়।
পদচারী-সেতুগুলো কিছুদিন আগেই রং করেছিল ডিএনসিসি। সৌন্দর্য বাড়াতে লাগানো হয়েছিল ফুলের গাছ। সেই পদচারী-সেতুগুলো ছেয়ে গেছে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের লাগানো পোস্টারে। শুধু পদচারী-সেতু নয়, পোস্টারে ছেয়ে গেছে ভবনের দেয়াল, বৈদ্যুতিক খুঁটি, নির্মিত ও নির্মাণাধীন উড়ালসড়কের থাম। এ থেকে রক্ষা পায়নি পথের পাশের গাছগুলোও।
এর আগে গত ১৫ মে নগর ভবনে (উত্তর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেয়র আনিসুল হক জানিয়েছিলেন, অনুমতি না নিয়ে লাগানো পোস্টার, ব্যানার ৩০ মের মধ্যে সরিয়ে না নিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এখন আইনি ব্যবস্থা না নিয়ে বারবার অনুরোধ করা হচ্ছে কেন এমন প্রশ্নে আনিসুল হক বলেন, ‘আইনি ব্যবস্থা চাইলে নেওয়া যায়। তার বদলে শান্তি-সম্প্রীতির মাধ্যমে কাজ সমাধান করতে চাই। অনুরোধে অনেক কাজ হয়েছে। আশা করছি, কঠোর হতে হবে না।’
জনগণের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং শহরের সৌন্দর্যহানি করে বলে গত বছর বিলবোর্ড অপসারণের সিদ্ধান্ত নেয় ডিএনসিসি। গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যেই সব বিলবোর্ড অপসারণ করার কথা ছিল ডিএনসিসির। তবে এখনো রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু বিলবোর্ড দেখা যায়। অনেক ক্ষেত্রে বিলবোর্ডে বিজ্ঞাপন না থাকলেও, বিলবোর্ডের ঝুঁকিপূর্ণ কাঠামো চোখে পড়ে।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বলেন, ‘কিছু কিছু জায়গায় এখনো বিলবোর্ড, ব্যানার দেখা যায়। তবে বড় আকৃতির বিলবোর্ড নেই বললেই চলে। আদালতের নির্দেশ পাওয়ার পর থেকে আরও কয়েক শ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে। এটা ধারাবাহিকভাবে ধরে রাখতে হয়।